
আমার যত দোষ
রাগতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই...জি ভাই, আমি কিন্তু খুব রাগী। রাগলে মাথা ঠিক থাকে না। তবে রাগের প্রথম ধাপে আমি খুব চিৎকার-চেঁচামেচি করি। এরপর দ্বিতীয় ধাপে আর কথা বলতে পারি না। হাত-পা কাঁপতে থাকে। ভাই ও বোনদের প্রতি অনুরোধ, আমার রাগ উঠলে কেউ দয়া করে আমার সামনে পড়বেন না। তখন কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকে না। জানি, এটা অবশ্যই আমার দোষ। রাগের কারণে অনেক ভালো কিছুও আমি মিস করি; কিন্তু কী করব বলুন, স্বভাব বলে কথা!
পরিবার-পরিজন, বন্ধুবান্ধব সবার প্রবল আপত্তি ও প্রতিরোধের মুখেও আমি দাঁত দিয়ে নখ কাটি। এমনকি এ জন্য সবাই আমাকে ‘নোংরা’ বলে ভর্ৎসনা করলেও দূর হয়নি এ বদভ্যাস। ভাবখানা এমন, আমার দাঁত দিয়ে নখ আমি কাটিব, তাতে কাহার কী!
আমি মেয়েদের মতো কোমল নই। অনেকে বলেন, আমার আচরণ টমবয় টাইপের। এটা কি আমার দোষ? জানি না।
আমার যত গুণ
আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। শুটিং, পড়াশোনা সবই করছি একসঙ্গে—আপনারা স্বীকার করুন আর না-ই করুন, এটা আমার ভালো গুণ।
আমি স্পষ্টভাষী। মিথ্যা কথা কম বলি। মাঝেমধ্যে মনে হয়, মিথ্যা কথা না বললে কী হয়। সে চেষ্টাও করেছি। তবে কঠিন বিপদে পড়লে দু-একটা মিথ্যা মুখে চলে আসে। তবে আমি জোর গলায় বলি: মিথ্যা আমি কম বলি।
ছবি আঁকতে পারি আমি। আপনাদের কারও যদি ল্যান্ডস্কেপ বা স্কেচ করার দরকার হয়, চলে আসতে পারেন আমার ঠিকানায়...হা হা হা।
গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ