
সাইমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করার পর বাকি পড়াশোনা করেছেন ঢাকায়।
কিশোরগঞ্জে কাটানো জীবন নিয়ে সাইমনের বন্ধুরা অনেক কথাই জানালেন। তাতে প্রথমেই বোঝা গেল ছেলেটি ছিল ডানপিটে কিন্তু খারাপ অভ্যাস কিছু ছিল না।
এখন যিনি সিনেমার নায়ক, তিনি টিভি দেখতে পছন্দ করতেন না। খেলা, গান আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই কেটে যেত সাইমনের সময়। ভালো গিটার বাজান তিনি।
সাইমনের বন্ধু কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ের রিফাত উদ্দিন আহমেদ তাঁদের ছোটবেলার অনেক মজার কাহিনি শোনালেন। ছোটবেলা থেকেই তাঁরা খুব ঘনিষ্ঠ। একজন আরেকজনকে ‘ভন্ড’ বলে সম্বোধন করতেন। এখনো তা-ই। অষ্টম শ্রেণিতে পড়ার সময় পড়াশোনা নিয়ে ধমকানোয় তাঁরা দুজন মিলে একবার বাড়ি থেকে রাগ করে চট্টগ্রামে চলে যান। সেখানে এক অচেনা বোর্ডিংয়ে কয়েক দিন অবস্থান করেন।
সাইমন সাদিক
গ্রাম: কলাপাড়া
ইউনিয়ন: মহিনন্দ
থানা ও জেলা: কিশোরগঞ্জ
‘ইয়ং স্টার’ নামে তাঁদের একটি গ্রুপ ছিল। এ গ্রুপের সদস্যরা স্কুল ফাঁকি দিয়ে সারাক্ষণ ক্রিকেট খেলা, গাছে ওঠা, উদ্দেশ্যবিহীনভাবে ট্রেনের ছাদে করে ঘুরে বেড়ানো, গানবাজনা, আড্ডা আর আনন্দ-উল্লাস নিয়ে ব্যস্ত থাকতেন। একবার ট্রেনের ছাদে করে ঘুরতে গিয়ে ফিরতি ট্রেন মিস করায় অনেক রাত হয়ে যায়। সেদিন সব বন্ধুর পরিবারের সদস্যরা অনেক উত্কণ্ঠায় সময় কাটান। কারণ সে সময় মোবাইল ফোন বা যোগাযোগের এতটা সুযোগ ছিল না। সেই থেকে তাঁদের উদ্দেশ্যবিহীন ট্রেনযাত্রা বন্ধ।
কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ১০-১৫ জন মিলে অনাহূত অতিথি হওয়ার ঘটনা অনেক। অনুষ্ঠান পেলেই বর ও কনের স্বজন বলে দাওয়াত ছাড়াই বিয়ের অনুষ্ঠানে হানা দিতেন। আর এই দাওয়াতবিহীন খাওয়ার দলের ওস্তাদ ছিলেন সাইমন। কোনো সময় খেতে গিয়ে ধরা পড়ে গেলে তিনিই সবকিছু ম্যানেজ করতেন।
ছোটবেলার সাইমন আর অভিনেতা সাইমনের বিষয়ে বলতে গিয়ে রিফাত বলেন, ‘সাইমন আগে যা ছিল, এখনো তা-ই। কোনো পরিবর্তন হয়নি। এলাকায় এলে এখনো সবাই মিলে

আগের মতো মিলেমিশে আড্ডা, লুঙ্গি পরে ঘোরাঘুরি করি। দেখে বোঝা যাবে না যে সে একজন অভিনেতা।’
সাইমনের শিক্ষক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক ছাত্র দেশ ও দেশের বাইরে অনেক উচ্চপর্যায়ে কর্মরত আছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তেমনি আমার ছাত্র সাইমনকে যখন নায়ক হিসেবে বড় পর্দায় দেখি, তখন আমার কাছে খুব ভালো লাগে।’
প্রতিবেশী হেলাল উদ্দিন মাস্টার বলেন, ‘সাইমন অনেক ভদ্র ও নিরহংকার ছেলে। বাড়িতে এলে শত শত মানুষ তাকে দেখতে ভিড় জমায়। এলাকার ছেলে নায়ক হয়েছে, তাই মানুষ ভিড় করে। বিষয়টি অনেক উপভোগ করি।’
সাইমনের বাবা মো. সাদেকুর রহমান স্থানীয় রাজনীতির পাশাপাশি একজন সংস্কৃতিমনা ব্যক্তি। এলাকায় বিভিন্ন মঞ্চনাটকে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ছেলেকে প্রথম বড় পর্দায় দেখতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘কিশোরগঞ্জের সব বন্ধুবান্ধবকে নিয়ে শহরের মানসী সিনেমা হলে জী হুজুর সিনেমা দেখতে যাই। পর্দায় ছেলেকে নায়ক হিসেবে দেখে আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। একসময় প্রায়ই ঢাকা যেতাম। উদ্দেশ্য, এফডিসির আশপাশের বিল্ডিংয়ের ছাদে উঠে নায়ক-নায়িকাকে একনজর দেখা।’