দাতব্য মেলাল দুজনকে!

‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিদা পিন্টো আর দেব প্যাটেল তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন সেই ২০০৯ সালের দিকে। টানা ছয় বছর প্রেম করেছিলেন তাঁরা। ২০১৪ সালে এসে দুজনের সে প্রেমের বিচ্ছেদ ঘটে। এরপর তাঁদের দেখা-সাক্ষাৎও তেমন হয়নি। সম্প্রতি একটি দাতব্য প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার জন্য এক হয়েছিলেন দুজন। তবে, প্রেম নয়; শেষপর্যন্ত দাতব্যই মেলাল সাবেক এই প্রেমিক-প্রেমিকাকে।
‘প্রথম’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেল। প্রতিষ্ঠানটি ভারতের দরিদ্র শিশুদের মধ্যে শিক্ষার বিস্তার ও সাক্ষরতার হার বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য দূর করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল করার জন্যই একত্র হয়েছিলেন তাঁরা। প্রথমের দাতব্য কাজে প্রয়োজনীয় ‘ফান্ড’ বা অর্থ সংগ্রহ করার জন্যও কাজ করেছেন দেব ও ফ্রিদা।
বয়সে ছয় বছরের ছোট দেব প্যাটেলের সঙ্গে প্রেম করার আগে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিদা পিন্টো তাঁর সাবেক মুখপাত্র রোহানের সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু পরে সে বাগদান ভেঙে যায়। দেব ও ফ্রিদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করার সময়।
একসময় ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির সহশিল্পী ফ্রিদা পিন্টো আর দেব প্যাটেল তাঁদের ছয় বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানেন। ২০১৪ সালে সম্পর্কের টানাপোড়েন শেষে বিচ্ছেদের পর তাঁদের সম্পর্কটা এখন ‘ভালো বন্ধু’র পর্যায়ের। এরপর প্রেমের চাইতে ক্যারিয়ারের দিকেই পূর্ণ মনোযোগ দিয়েছিলেন দেব প্যাটেল। ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’ নামের একটি ছবিতে দেব অভিনয় করেছেন বিখ্যাত গণিতবিদ রামানুজনের চরিত্রে। শুধু অভিনয়ের দক্ষতাই নয়, দেব প্যাটেলের ব্ল্যাক বেল্ট আছে মার্শাল আর্টে, যুক্তরাজ্যে জাতীয় পর্যায়ের একাধিক পুরস্কারও জিতেছেন তিনি। আর এদিকে বলিউডের ছবির পাশাপাশি ফ্রিদা পিন্টো হলিউডের ছবিতেও পা রেখেছেন। মাঝে শোনা গিয়েছিল বন্ড ছবিতে অভিনয় করছেন তিনি। ফ্রিদা নাকি ছবি প্রযোজনাতেও নামছেন— এমন খবরও প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিদা ও দেব প্যাটেলের জুটি ভেঙে যাওয়ার পর নতুন কোনো জুটি হিসেবে দুজনের কেউই আর সেভাবে জ্বলে ওঠেননি। এনডিটিভি। ই! অনলাইন।