দাদাভাই স্মরণে অনুষ্ঠান
‘শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে আজ যাঁরা আলোকিত ও সফল, তাঁরা অনেকেই সফল হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন যাঁর কাছে, তিনি রোকনুজ্জামান খান দাদাভাই। ‘আমাদের দেশে কবে সেই ছেলে হবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ কথাগুলো ব্রত হিসেবে নিয়েছিলেন দাদাভাই। তাই তিনি জীবনভর শিশুদের নিয়ে কাজ করেছেন।রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এভাবেই বলছিলেন। গতকাল শনিবার বিকেলে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি সংসদ। এতে স্বাগত বক্তব্য দেন আসমা আব্বাসী। নূরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহাদেব সাহা, আবেদ খান, সুলতানা কামাল, মোহিত কামাল প্রমুখ। এ ছাড়া দিনটি উপলক্ষে পারিবারিক উদ্যোগে সকালে নারিন্দায় দাদাভাইয়ের বাসভবনে শিশু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কচি-কাঁচা ভবন মিলনায়তনে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে শতাধিক শিশু অংশ নেয়। প্রতি বিভাগ থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার দেন নূরজাহান বেগম। এ ছাড়া এতে উপস্থিত ছিলেন শামসুজ্জামান নূর ও লতিফা আখন্দ। কচি-কাঁচা ভবন মিলনায়তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা দাদাভাই রচিত ছড়া, আবৃত্তি এবং ছড়াগান ও নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ছিল আলোচনা অনুষ্ঠান। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে বক্তব্য দেন স্থপতি আবদুস সালাম, মেলার সহসভাপতি দিল মনোয়ারা মনু, রওশন আরা ফিরোজ প্রমুখ।