দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করলেন ৯৩ বছর বয়সী বলিউডের প্রখ্যাত অভিনেতা প্রাণ। পুরস্কার নিতে দিল্লি যেতে না পারায় মুম্বাইয়ে প্রাণের বাড়িতে হাজির হয়ে আজ শুক্রবার তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন ভারতের তথ্যমন্ত্রী মনীশ তিওয়ারি। পুরস্কার প্রদানের পর গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে মনীশ বলেন, ‘প্রাণের মতো একজন গুণী শিল্পীর প্রতিভাকে সম্মানিত করার পর দাদাসাহেব ফালকে পুরস্কারের গুরুত্ব ও মর্যাদা বহু গুণ বেড়ে গেল।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘জি নিউজ’। পুরোনো দিল্লির ধনাঢ্য এক পাঞ্জাবি পরিবারে ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন প্রাণ কৃষাণ সিকান্দ। তাঁর বাবা ছিলেন সরকারি প্রকৌশলী। ১৯৪৫ সালে প্রাণ প্রথম অভিনয় করেছিলেন পাঞ্জাবি ‘ইয়ামলা জাত’ ছবিতে। ছয় দশকের অভিনয় জীবনে সাড়ে তিন শর বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জঞ্জির’, ‘উপকার’, ‘মধুমতি’, ‘জিদ্দি’, ‘মিলন’, ‘হাফ টিকিট’, ‘দেবদাস’, ‘ব্রহ্মচারী’, ‘জনি মেরা নাম’, ‘পূরব অউর পশ্চিম’ ইত্যাদি। হিন্দি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে ‘পদ্মভূষণ’ খেতাব পেয়েছিলেন প্রাণ। এ ছাড়া কলারত্ন, ফিল্মফেয়ারসহ আরও অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনয়শিল্পী।