দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন শশী কাপুর

ভারতের চলচ্চিত্র অঙ্গনের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্রকার শশী কাপুর। আজ সকালে মুম্বাইতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী অরুণ জেটলি।
এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য শশী কাপুরের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ৩ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান থেকে তাঁর এই পুরস্কার গ্রহণের কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মুম্বাই থেকে দিল্লি যেতে পারেননি তিনি। এ জন্য আজ মুম্বাই গিয়ে তাঁকে এই পুরস্কার দেন অরুণ জেটলি।
শশী কাপুরকে পুরস্কৃত করার জন্য মুম্বাইয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হন শশী কাপুরের কন্যা সঞ্জনাসহ বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে ছিলেন ঋষি কাপুর, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, ওয়াহিদা রেহমান, আশা পারেখ, রেখা, জিনাত আমান, শাবানা আজমি, কারিশমা কাপুর, সাইফ আলী খান, অভিষেক বচ্চন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলে, গীতিকার জাভেদ আখতারসহ বলিউডের রথী-মহারথীরা।
শশী কাপুরের জন্ম ১৯৩৮ সালের ১৮ মার্চ। ১৯৪৮ সালে মুক্তি পাওয়া ‘আগ’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে শশী কাপুর। পরবর্তী সময়ে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করলেও, নব্বই দশকের পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে ১৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন ‘হাসিনা মান যায়েগি’, ‘সুহানা সফর’, ‘দিওয়ার’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘জুনুন’, ‘সুহাগ’, ‘সিলসিলা’, ‘নিউ দিল্লি টাইমস’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, সহকারী পরিচালক ও পরিচালক শশী কাপুরেরও পরিচয় মিলেছে। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি পদ্মভূষণ খেতাব পেয়েছেন গুণী এ চলচ্চিত্রকার। এ ছাড়া মোহাম্মদ রফি, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।