দাদুকে অনুভব করেন অনিন্দিতা

১৪ জুন। পড়ন্ত বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে গিয়ে বারবার আবেগের জোয়ারে ভাসছিলেন একজন শিল্পী, ভিজে আসে তাঁর কণ্ঠ। বাইরে তখন টিপটিপ বৃষ্টি। যেন মাথার ওপরের আকাশটার কান্না তাঁর হৃদয়েও বৃষ্টির ফোঁটা হয়ে ঝরছিল। সেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র থেকে সংবর্ধনা দেওয়া হয় অনিন্দিতা কাজীকে। নজরুলসংগীতশিল্পী ও বাচিকশিল্পী অনিন্দিতা এসেছেন ভারতের কলকাতা থেকে। তিনি সেখানে তারা টিভির জ্যেষ্ঠ উপস্থাপিকা। একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এসব ছাপিয়ে তাঁর মুখ্য পরিচয়, তাঁর ধমনিতে বইছে বাংলাদেশের জাতীয় কবির রক্ত! হ্যাঁ, তিনি কবি কাজী নজরুল ইসলামের নাতনি। ভেজা চোখ আর ভেজা কণ্ঠে তিনি স্মরণ করেন দাদু কাজী নজরুল ইসলামকে। শোনালেন মায়ের মুখে দাদুকে নিয়ে শোনা গল্প। গেয়ে শোনান নজরুলের গান।
অনুষ্ঠান শেষে আলাপচারিতার শুরুতেই অনিন্দিতা কাজী বললেন, ‘যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাদুর কবরের পাশে এসে দাঁড়াই, তখন তাঁকে অনুভব করি। মানুষের ভালোবাসার মাঝে দাদুকে খুঁজে পাই। দাদুর পরিচয়ে পরিচিত হতে ভালো লাগে।’
দুখু মিয়ার জীবনটা যেমন অনেক সংগ্রামের ছিল, কবিপৌত্রীরও তা-ই। অনুপ্রেরণা একটাই—বিদ্রোহী কবির রক্ত বইছে যাঁর শরীরে, তাঁর কি থেমে যাওয়া চলে? রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি বলেন, ‘দুই কবির মাঝে সম্পর্কটা ছিল শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক। নজরুল প্রথম জীবনে তাঁর বাসায় ফুলচন্দন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা করতেন। তাঁর কণ্ঠে গোটা গীতাঞ্জলি শুনে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু। নজরুল যেমন ইসলামিক গান রচনা করেছেন, তেমনি রচনা করেছেন শ্যামাসংগীত। কাজী নজরুল ইসলাম মানুষের কবি।’
মাত্র ২২ বছরের সৃষ্টিশীল জীবনে কাজী নজরুল ইসলামের এত এত সুন্দর সৃষ্টি। এর মাঝে বেশি ভালো লাগে কোনটা? অনিন্দিতা বললেন, ‘যদি বাঁশি না বাজে..., এতে দাদুর জীবনের সব ব্যথা, যন্ত্রণা, অনুভূতি আছে; যা আমার আবেগকে ছুঁয়ে যায়।’
পশ্চিমবঙ্গে এখন ‘নজরুল তীর্থ’ হয়েছে। দাদুকে নিয়ে তাই ইদানীং খুব ব্যস্ত সময় কাটান অনিন্দিতা।
বাংলাদেশে আসতে কেমন লাগে?
অনিন্দিতা বললেন, ‘অসাধারণ! বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন তল্পিতল্পা গুছিয়ে এ দেশে চলে আসি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার আমাকে এখানে এসে দাদুকে নিয়ে গবেষণা করার জন্য আমন্ত্রণ জানালেন। ভাবছি, এবার একেবারেই চলে আসব।’