দাদুকে দেখার ফাঁকে শিলংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলংয়ের পাহাড়ি পথে অপু বিশ্বাস
শিলংয়ের পাহাড়ি পথে অপু বিশ্বাস

ভারতের অনেক জায়গায় গিয়েছি। কাশ্মীর আর শিলং ছিল দেখার বাকি। এদিকে এপ্রিল মাসে আমার দাদু খুব অসুস্থ ছিলেন। তাঁকে দেখতে যেতে হবে। বছর দেড়েক আগে দিদা (মায়ের মা) মারা গেছেন। বুঝতেই পারছেন, দাদুকে দেখতে যাওয়া কতটা জরুরি। ভাবলাম, অনেক দিন পরিবারের সবাইকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয় না। তাই এবার দাদুকে দেখার ফাঁকে মা আর বোনকে নিয়ে শিলং ঘুরে আসব। শুনেছি, জায়গাটা নাকি খুব সুন্দর।
আমি তখন কক্সবাজারে লাভ ম্যারেজ ছবির শুটিং করছি। শুটিং শেষে ঢাকায় ফিরে বাসার সবার সঙ্গে কথা বলে ১২ দিনের একটা সফর চূড়ান্ত করি। এই সফরে যাচ্ছি আমি, মা আর মেজো বোন।
আমার বোন এর আগেও শিলংয়ে ঘুরতে গেছে। তার কাছ থেকেই শিলং নিয়ে অনেক গল্প শুনেছি। গল্প শুনে শুনে আমার মনের জগতে শিলংয়ের চমৎকার কিছু ছবি তৈরি হয়ে আছে। কল্পনায় নয়, এবার বাস্তবে তা দেখার সুযোগ হচ্ছে।
শিলং যাওয়ার পথে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। অনেক দূর যাওয়ার পর পেছনে ফিরে তাকাতেই আঁতকে উঠি। যতটা ওপরে উঠছি, কুয়াশা বাড়ছে। একসময় দেখি কুয়াশায় চারদিক অন্ধকার। অদ্ভুত এক পরিবেশ।
আমি যেখানেই যাই, চেষ্টা করি ওই জায়গার স্থানীয় খাবার খেতে। শিলংয়ে আছে খাসিয়া আদিবাসী। তাদের নিজস্ব কিছু খাবার আছে। একটি খাবার আছে, ডাল দিয়ে তৈরি। মসলা দিয়ে ওরা রুমালি রুটি বানায়। মাছ দিয়ে পাঁপড় আর মোমো নামের একধরনের খাবার খায় তারা। এগুলো নাকি খাসিয়াদের অন্যতম জনপ্রিয় খাবার। আমিও বেশ মজা করে খাবারগুলো খেয়েছি।
শিলংয়ে আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিধলি হাউসে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যচর্চা করতেন। এটা দেখার মতো একটা জায়গা।
শিলং থেকে আমরা যাই চেরাপুঞ্জিতে। সেখানে একটা ঝরনা আছে। ধোঁয়া ওঠা পানি পড়ছে। শুনেছি, ওই পানি পান করলে নাকি শারীরিক কিছু সমস্যা দূর হয়ে যায়। অনেকেই এখান থেকে পানি সংগ্রহ করছে।
শিলং, চেরাপুঞ্জি আর আশপাশের এলাকায় আমরা ছিলাম পাঁচ দিন। ফিরে আসার সময় মন যেন কেমন করেছিল। বারবার মনে হলো, আরও কিছুদিন যদি এখানে থাকতে পারতাম।