
অনিন্দিতা কাজী গাইবেন—এই ছিল প্রধান আকর্ষণ। ভারতের একটি সংগীত চ্যানেলের প্রেসিডেন্ট এই শিল্পী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, তিনি গাইবেন দাদুর গান। সে জন্যই হয়তো জায়গার সংকুলান হয়নি বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ছিল রবীন্দ্র পাঠচক্র ‘খামখেয়ালী সভা’র ২১তম আড্ডা। এই আড্ডায় যোগ দিয়েছিলেন অনিন্দিতা। এতে অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের ভিত্তি, তবে অন্যান্য কবি-সাহিত্যিকের কথাও ভুলে গেলে চলবে না।’
অনুষ্ঠানে ‘রবি পরিক্রমায় নজরুল’ প্রবন্ধটি পড়ে শোনান অনিন্দিতা। পাঠের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান করেন লিলি ইসলাম। অনুষ্ঠানে ‘অঞ্জলি লহ মোর’, ‘সৃজন ছন্দে’, ‘আসিবে তুমি জানি প্রিয়’ গানগুলো করে শোনান অনিন্দিতা। আড্ডায় আরও উপস্থিত ছিলেন আড্ডার আহ্বায়ক মাহমুদ হাশিম এবং পৃষ্ঠপোষক আবিদ এ আজাদ।