
মাস তিনেক আগে ঢাকাই ছবি রাজা ৪২০ ভারতে রপ্তানির বিপরীতে কলকাতার কেলোর কীর্তি ছবিটি বাংলাদেশে আসে। সে সময় পরিচালক, শিল্পীসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখার কর্মীরা আন্দোলনে নামেন। অভিযোগ ছিল, ছবি বিনিময়ের নীতিমালা ঠিকভাবে মানা হয়নি। এ আন্দোলনের কারণে তথ্য মন্ত্রণালয় আমদানি নীতিমালার (২০১৫-১৮) সঙ্গে বেশ কিছু নতুন শর্ত যুক্ত করছে। এই পরিবর্তনে খুশি সবাই। তবে আমদানি-রপ্তানিকারক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, দুই দেশের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বিনিময় করে যেন স্বল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া যায়, সে জন্য আমদানি-রপ্তানির প্রক্রিয়ার দাপ্তরিক কাজ অল্প সময়ের মধ্যে শেষ করা হোক।
নতুন শর্তগুলো কী
কেলোর কীর্তি নিয়ে অনিয়মের প্রতিবেদন প্রথম আলোর ক্রোড়পত্র আনন্দে প্রকাশিত হয়েছে গত ২৫ আগস্ট। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমদানি নীতিমালায় যোগ করা নতুন শর্তে বলা হয়েছে, ভারতে যে ছবিটি রপ্তানি করা হচ্ছে, সেটির ভারতীয় সেন্সর ছাড়পত্র ও একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শনীর সনদপত্র তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তবেই ভারত থেকে ছবি আমদানির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা যাবে।
এ ছাড়া বাংলাদেশের পুরোনো কোনো ছবি ভারতে রপ্তানি করা যাবে না। ২০১৫ সালের জুলাই মাসের পর মুক্তিপ্রাপ্ত ছবি রপ্তানি করা যাবে। ছবি বিনিময়ের পুরো প্রক্রিয়া দেখভালের জন্য একটি পরামর্শক কমিটিও গঠিত হয়েছে। এতে চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, প্রদর্শক সমিতির একজন করে সদস্য, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আছেন। এ কমিটি ছবি আদান-প্রদানের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেবে।
নতুন শর্তগুলো এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। এ ব্যাপারে প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও পরামর্শক কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘সামনে যেকোনো সময়ে শর্তগুলো গেজেটে অন্তর্ভুক্ত হবে। তবে এখন থেকেই নতুন শর্তগুলো কার্যকর হবে।’
আন্দোলন থেকে সরে আসা
চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের দাবির পরিপ্রেক্ষিতে নীতিমালার সঙ্গে নতুন শর্ত যোগ করায় আন্দোলন থেকে সরে এসেছেন তাঁরা। পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সাফটা চুক্তির আওতায় ছবি বিনিময়ের যে নীতিমালা রয়েছে, তার সঙ্গে যোগ করা নতুন শর্তগুলো আমরা মেনে নিয়েছি।’ তবে তিনি বলেন, এই নীতিমালার আওতায় বছরে কটি ছবি বাংলাদেশে আসবে, তা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া উচিত।
গুলজারের কথার সঙ্গে একমত পোষণ করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানও। তিনি বলেন, ‘আমরা যে দাবিগুলো করেছিলাম, তা নীতিমালার সঙ্গে যুক্ত করায় আমরা খুশি। তবে বিষয়টির ওপর শিল্পীদের কড়া পর্যবেক্ষণ থাকবে।’

অনুমতি পেতে আমলাতান্ত্রিক জটিলতা
নতুন শর্ত মেনে ছবি আমদানি-রপ্তানি করতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। তবে তথ্য মন্ত্রণালয়ের দাপ্তরিক প্রক্রিয়াকে সহজ করার দাবি তুলেছেন প্রযোজকেরা। তাঁদের মতে, সেটা না হলে সরকার যে উদ্দেশ্য নিয়ে এই নীতিমালা করেছে তার ফল আসবে না।
এ ব্যাপারে প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তির মাস খানেকের মধ্যে ওই ছবির বিনিময় শেষ করতে হবে। এ জন্য যে দাপ্তরিক কাজ, তা দ্রুতই শেষ করতে হবে মন্ত্রণালয়কে। ঝুলিয়ে রাখলে ছবিগুলোর পাইরেসি হয়ে যাবে। পরে তা এনে আর ব্যবসা করা যাবে না।’
সম্প্রতি সম্রাট ছবিটি ভারতে রপ্তানি করতে গিয়ে এ সমস্যায় পড়েছে আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্স। ছবিটি রপ্তানির জন্য গত ১৭ আগস্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়। অনুমতিপত্র আসে ২৬ সেপ্টেম্বরে। খান ব্রাদার্সের স্বত্বাধিকারী ও প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অনুমতি পেতেই এক মাস গেল। এখন শুল্ক বিভাগ থেকে ছাড়পত্র নিতে হবে। এরপর ভারতে ছবিটির সেন্সর করে সেখানকার প্রেক্ষাগৃহের প্রদর্শনীর সনদপত্র সংগ্রহ করতে হবে। এরপর আমদানির জন্য সেই সনদপত্র যুক্ত করে আবেদন করতে হবে মন্ত্রণালয়ে। অনুমতি পেতে হয়তো আরও এক মাস সময় যাবে। সব মিলিয়ে তিন-চার মাসের ব্যাপার।
তিনি বলেন, ‘এমন আমলাতান্ত্রিক জটিলতায় নতুন ছবি এনে লাভ নেই। আমরা চাই, আবেদনের এক সপ্তাহের মধ্যে অনুমতিপত্র দেওয়া হোক।’
বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার যুগ্ম সচিব গৌতম কুমার ঘোষও। তবে আবেদনপত্রের ফলাফল দ্রুত সময়ে জানানোর বিষয়টি কঠিন বলে মনে করেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখাতে মাত্র একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন টাইপিস্ট আছেন। হাজারো কাজ থাকে তাঁদের হাতে। তা ছাড়া আবেদন নিয়ে কমিটির মিটিং হবে। ছবির তথ্য যাচাই-বাছাই করে আবেদনের ফলাফল দেওয়া যাবে। বললে তো আর হবে না। এটি সময়সাপেক্ষ ব্যাপার।’