দাম্পত্যের ইতি টানলেন মিরান্ডা-অরলান্ডো ব্লুম

তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কার ও হলিউডের অভিনেতা অরলান্ডো ব্লুম। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তাঁদের মুখপাত্র। ২০০৭ সালে প্রেমের তরি বাওয়া শুরু করেছিলেন ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-খ্যাত মডেল মিরান্ডা এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’ তারকা অরলান্ডো ব্লুম। টানা তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা জুটি। কিন্তু এর তিন বছরের মাথায় তাঁরা বিচ্ছেদের পথে হাঁটলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ই-অনলাইন। সম্প্রতি এক বিবৃতিতে মিরান্ডা ও ব্লুমের মুখপাত্র জানিয়েছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কয়েক মাস আগে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এখন পৃথকভাবে বসবাস করলেও তাঁরা যৌথভাবে তাঁদের দুই বছর বয়সী ছেলে ফ্লিনের দেখভালের দায়িত্ব নিয়েছেন। বিচ্ছেদের পরও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বিন্দুমাত্রও কমে যায়নি। অবশ্য বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তাঁদের মুখপাত্র। এক বছর ধরেই মিরান্ডা ও ব্লুমের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। কিন্তু বিষয়টিকে অস্বীকার করে তাঁরা জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাকমতোই চলছে। নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় চলতি মাসের শুরুর দিকে সর্বশেষ এ জুটিকে একসঙ্গে দেখা যায়। সে সময় ছেলে ফ্লিনও ছিল তাঁদের সঙ্গে। নিউইয়র্কের রাস্তায় খুশি মনে ঘুরে বেড়াতেও দেখা যায় মিরান্ডা, ব্লুম ও ফ্লিনকে।