
আকাশ যেন ভুলেই গেছে তার মন খারাপের কথা। আগের দিন দুপুরে সূর্য খানিক উঁকি দেওয়ার পর দিনের শেষ ভাগে আবারও ধেয়ে এসেছিল ঠান্ডা বাতাস। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সন্ধ্যায় লালগালিচায় নিজেদের গাউন আর স্কার্ট সামলাতে বারবার হিমশিম খাচ্ছিলেন তারকারা। ধোপদুরস্ত টাক্সেডোতেও (নৈশভোজে পরার স্যুট বা জ্যাকেট) যেন বাধ মানতে চাইছিল না শীত। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ আমজনতার সংখ্যাও ছিল কম। রাত পেরোতেই আবার পুরোনো রূপ ফিরে পেল কান। ঝলমলে রোদে পুড়ছে আশ্চর্য নীল ফরাসি সৈকত। আকাশে মেঘের চিহ্ন বলতে নেই।
গতকাল মঙ্গলবার উৎসবে এসেছেন বেলজিয়ামের সুবিখ্যাত দুই নির্মাতা। জঁ পিয়ের ও লুক দারদেন—দারদেন ব্রাদার্স বিশ্ব-চলচ্চিত্র যাঁদের এক নামে চেনে। সঙ্গে ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিলার।
ফুটবলে যেমন ব্রাজিল বা আর্জেিন্টনা। কান উৎসবে দারদেন ভাইরা ঠিক তা-ই। এরই মধ্যে দু-দুবার স্বর্ণপাম জিতে নিজেদের তাঁরা নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বেলজিয়ামে স্বর্ণপাম নিয়ে যান এই দুই ভাই। ছবির নাম রোজেটা। বছর ছয় পেরোতে না-পেরোতে সাফল্য আবারও। ২০০৫ সালে ফের পাম দ’র জেতে তাঁদের ছবি দ্য চাইল্ড। উৎসবে তাঁদের এবারের ছবি টু ডেজ, ওয়ান নাইট।
মারিয়ন কোতিলারকে নিয়ে সাগরপারে আলোকচিত্রীদের সামনে পোজ দেওয়ার সময় এবারও বেশ আত্মবিশ্বাসী দেখা গেল বর্ষীয়ান এ দুই ভাইকে।
অর্থনৈতিক মন্দার সময়ে স্যান্ড্রা নামের এক নারীর জীবনের টানাপোড়েন নিয়ে এই ছবি। যেভাবেই হোক না কেন, এই নারীটি নিজের চাকরিটি বাঁচাতে চান। সংবাদ সম্মেলনে জঁ পিয়ের দারদেন বলেছেন, এই ছবিতে একধরনের ‘সংহতি’ দেখাতে চেয়েছেন তিনি। দেখাতে চেয়েছেন স্বামীর সমর্থনে কীভাবে স্যান্ড্রার কঠিন জীবনটা পাল্টে যায়।
অভিনেত্রী মারিয়ন কোতিলার বলেছেন, দর্শকদের কথা মাথায় রেখেই এবারের ছবিটা বানিয়েছেন দারদেন ভ্রাতৃদ্বয়। এ ঘটনা তাঁর কাছে মনে হয়েছে বিরলতম।
মরিয়া ভারত
বেলজিয়ামের পর উৎসবে কাল যদি কোনো দেশ নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে থাকে, সেটি ভারত। শুরু থেকেই বেশ বোঝা যাচ্ছিল, কান উৎসবে যেকোনো মূল্যে নিজেদের অবস্থান সংহত করতে মরিয়া আমাদের এই বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। একই দিনে ঐশ্বরিয়া রাইয়ের আগমন আর তিতলি ছবির প্রদর্শনী ভারতের সেই আকাঙ্ক্ষা খানিকটা হলেও পূরণ করেছে।
ঐশ্বরিয়া রাইয়ের আগমন ঘিরে উত্তেজনা ছিল উৎসবের ভিলেজ ইন্টারন্যাশনাল অংশে ভারতীয় তাঁবুতে। দিনভর সেখানে ছিল সিনেমা নিয়ে আলোচনা আর বৈঠকি ঘরানার আলাপ। ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে কাল ছিল ভারতের তিতলি ছবির প্রদর্শনী। পরিচালক কানু বেল।
একই দিনে জোরেশোরে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে জাপানও। নাওমি কাওয়াসে পরিচালিত জাপানি ছবি ফুতাৎসুমে নো মাদো (স্টিল দ্য ওয়াটার) ছবির উদ্বোধনী প্রদর্শনী ছিল গতকাল।
বিকেল থেকে কানাঘুষা শোনা যাচ্ছিল, উৎসবে আসছেন সোফিয়া লোরেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উৎসবে দেখা যায়নি এই ইতালীয় কিংবদন্তিকে। একটি নতুন আরেকটি পুরোনো—দুটো ছবি প্রদর্শিত হতে চলেছে এবারের উৎসবের এই বিশেষ সম্মানিত অতিথি বা গেস্ট অব অনারের সৌজন্যে।
সিনেমার বেচাকেনা
‘মার্শ দু ফিল্ম’-এ প্রতিদিনের মতো কালও ছিল নানা দেশের উঠতি নির্মাতা আর প্রযোজকদের িভড়। সেখানেই কথা হলো ব্রাজিলের নির্মাতা এদুয়ার্দো মোরায়েসের সঙ্গে। তাঁর স্বল্পদৈর্ঘ্য ছবি ফ্রাগমা এবারে আছে কান উৎসবের শর্টফিল্ম কর্নারে।
‘আমার ছবিটা বিক্রি করতে চাই। পাশাপাশি আমার পরের কাহিিনচিত্রটির জন্য প্রযোজকও খঁুজছি।’ বলছিলেন এদুয়ার্দো। শুধু তিনিই একা নন, প্রতিদিন এমন বহু উঠতি নির্মাতার আনাগোনা চলছে কানের ‘মার্শ দু ফিল্ম’ ভবনে।
শর্টফিল্ম কর্নারে গতকালও প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের নির্মাতাদের বেশ কিছু ছবি।
লে সিনেমা দে লা প্লাজ মানে সৈকতে বসে সিনেমা দেখার আয়োজনে গতকাল ছিল ওয়াল্টার হিল পরিচালিত দ্য ওয়ারিয়রস ছবির প্রদর্শনী। প্রদর্শিত অন্যান্য ছবির মধ্যে ছিল লে জঁস দু মঁদ । বিখ্যাত ফরাসি পত্রিকা লে মঁদ-এর সংবাদকর্মীদের নিয়ে মূলত তৈরি হয়েছে এ ছবি।