
জ্যাজ শুনতে গিয়ে জানা গেল, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরি—জায়গা নেই একদম। কোনোমতে জায়গা করে নিয়ে ঢুকে দেখা গেল অনেক শ্রোতা-দর্শক দাঁড়িয়েই গান শুনছেন আর দুলছেন। মঞ্চে তখন জ্যামিং চলছে। ট্রামপেট বাজাচ্ছেন নেদারল্যান্ডসের শিল্পী সাসকিয়া লারু, পিয়ানোতে ওয়ারেন বায়ার্ড। সঙ্গে গিটারে বাংলাদেশের লাবিক কামাল। ট্রামপেট বাজানোয় বিশ্বজোড়া খ্যাতি আছে লারুর। আর বায়ার্ড পিয়ানো বাজিয়ে গান করেন। গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডির ইএমকে সেন্টারে এই জ্যাজ সংগীতের আয়োজনে ছিল দারুণ এক সংগীত মিশ্রণ। লাবিক কামাল গৌরব ‘ভাব তরঙ্গে’ গানটি গাইছিলেন গিটার বাজিয়ে, সঙ্গে লারুর ট্রামপেট, বায়ার্ডের পিয়ানো। লাবিক জানালেন, বাংলাদেশের দর্শক এই ফিউশন পছন্দ করেছে।
পরিবেশনা শুরুর আগে উপস্থিত দর্শকদের কাছে লারু জানতে চান, ‘জ্যাজ পছন্দ করেন তো?’ দর্শকদের বেশির ভাগই তরুণ, ভিনদেশিও আছেন বেশ কজন। তাঁরা সায় দিলে লারু তাঁর ট্রাম্পেটে ঠোঁট রাখেন। তবে শুরুর আগে বেসুরো শব্দ তৈরি করে তিনি কিছুক্ষণ ঝালিয়ে নেন দর্শক-শ্রোতাকে। এরপর লম্বা সুরের খেলা। জ্যাজ সন্ধ্যা জ্যাজেই শেষ হয়নি। বেশ কটি বাংলা গান করেছেন লাবিক। সেগুলোর প্রায় সবই বাউলগান।
শনিবার এই শিল্পীরাই উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ আয়োজনে তাঁরা গাইলেন, বাজালেন। গত ৩০ এপ্রিল ছিল আন্তর্জাতিক জ্যাজ দিবস। এই দিবস উদ্যাপন করতেই এ আয়োজন। আয়োজক বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী জানালেন, তাঁর বিভাগ, ঢাবির অন্য বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বাইরের অতিথিরাও উপভোগ করেছেন সেদিনের জ্যাজ সন্ধ্যা।