
রাজধানীর অদূরে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে চলছে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা গেল, সাড়া জাগিয়েছে মেলাটি। বাঁশ ও ফুল দিয়ে তৈরি ফটক দিয়ে মেলায় ঢুকলেই দুই পাশে রয়েছে শীতকালীন চোখজুড়ানো ফুলের বাগান। সেখানে মনভোলানো সব সামগ্রী। মুখোশ, টেপা পুতুল, পটচিত্র, শীতলপাটি, শতরঞ্জি, বাঁশ-কাঠের তৈজসপত্র—আরও কত কী!
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ‘প্রথম দিন থেকেই ভিড়। আজ (শনিবার) বিকেলে এবারের কারুশিল্পী পদক দেওয়া হবে। তাই দর্শকের আগ্রহ একটু বেশি।’ নারায়ণগঞ্জ থেকে এসেছে হাতপাখা। উজ্জ্বল রঙের সুতা দিয়ে নানা আকৃতির পাখার চারদিকে আছে লালসালুর ঝালর। ভেতরে নানা নকশা। চট্টগ্রাম থেকে এসেছে বাঁশশিল্প, বস্ত্রশিল্প ও হোগলাশিল্প। বান্দরবানের শৈলপ্রপাত রুলসিয়াম লুসাই এবং লাইজিং নোয়ামের উজ্জ্বল সুতা ও উল দিয়ে বোনা বস্ত্রগুলো মন কেড়েছে অনেকেরই।
রাজশাহীর বসন্তপুর গ্রাম থেকে এসেছে মুখোশ ও শখের হাঁড়ি। দোকানে বসেই হাঁড়িতে দুজন কর্মী আঁকছিলেন প্যাঁচা, হাতি, ঘোড়া, ফুলপাতার নকশা। রঘুনাথের পটচিত্রগুলো কৌতূহলী করেছিল দর্শককে। এ স্টলে ছিল গাজীর পট, পঞ্চপাণ্ডব, পার্বতী, লক্ষ্মীসহ নানা লোককাহিনিভিত্তিক পট। মেলার ঠিক মাঝখানে এসব লোকজ পণ্যের আলাদা প্যাভিলন। যেখানে ছোট ছোট স্টলে ভাগ হয়ে আলাদা করে নিজেদের পণ্য সাজিয়েছেন লোকজশিল্পীরা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গাইড এ কে এম মুজাম্মেল হক জানান, বাংলাদেশের পল্লি অঞ্চল থেকে ৫৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন। নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, মুন্সিগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র জাতিসত্তার কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, ঠাকুরগাঁওয়ের বাঁশ ও শিকার কারুশিল্প এ মেলায় আছে। মেলায় মোট স্টলের সংখ্যা ১৯৩।
গতকাল এবারের আয়োজনে চারজন শিল্পীকে ‘কারুশিল্পী পদক’ দেওয়া হয়। পাটজাত কারুশিল্পে ঢাকার সুফিয়া আক্তার, শীতলপাটি শিল্পে মুন্সিগঞ্জের সবিতা মোদি, সরাচিত্রে নারায়ণগঞ্জের সুধন্য চন্দ্র দাস এবং তামা-কাঁসা-পিতল মাধ্যমে কুমিল্লার মানিক সরকার এ পদক পেয়েছেন।
লোকজশিল্পের পাশাপাশি মেলায় হাতে কাজ করা শাড়ি, কাঁথা, বিছানার চাদর, থ্রিপিস, দরজা-জানালার পর্দা পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর শোপিস ছাড়াও নারীদের সাজগোজের বিভিন্ন পণ্য রয়েছে বিভিন্ন স্টলে। রয়েছে গ্রাম্য খাবারের স্টল।
মেলায় ‘মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি নিয়ে প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান হতাশ। প্রদর্শনীতে স্থান পাওয়া বেশ কিছু পণ্যের শিল্প মান থাকলেও সেগুলো লোকজ শিল্প নয় বলে মন্তব্য করেন তিনি। গতকাল তিনি ছাড়াও মেলা পরিদর্শন করেন স্থপতি রবিউল হুসাইন, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন প্রমুখ।
লোক-কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে দুপুরের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা বহ্নিশিখা সাংস্কৃতিক সংগঠন। অতিথি হিসেবে মেলা মঞ্চে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।