দার্জিলিং ও ফুনশোলিংয়ে পড়শীর নতুন মিউজিক ভিডিও

রোজার ঈদের অনেক আগেই বাজারে আসছে পড়শীর নতুন অ্যালবাম। নাম পড়শী ৩। প্রচারণার জন্য অ্যালবামটি থেকে একটি গানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। গানের শিরোনাম ‘জনম জনম’। ১৭ থেকে ২০ জুন ভারতের দার্জিলিং আর ভুটানের ফুনশোলিংয়ে এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। এতে পড়শীর সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। পরিচালনা করেছেন রম্য খান।
পড়শী বলেন, ‘আমার এই অ্যালবামে দুটি দ্বৈত কণ্ঠের গান আছে। একটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি আর অন্যটিতে ইমরান। ইমরানের সঙ্গে “জনম জনম” গানটির মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন হচ্ছে শুটিং-পরবর্তী কাজ। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের জন্য তা দেওয়া হবে।’
‘জনম জনম’ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম, কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।
নতুন মিউজিক ভিডিওর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পড়শী বলেন, ‘আবহাওয়া একেবারেই আমাদের অনুকূলে ছিল না। এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ। তার মাঝেই আমাদের কাজ করতে হয়েছে।’
পড়শী জানান, তাঁর পড়শী ৩ অ্যালবামে গান থাকছে ১০টি।
এর আগে পড়শীর অন্য দুটি অ্যালবাম থেকে ‘খুঁজে খুঁজে’, ‘তোমারই পরশ’, ‘শুধু তোরে’ ও ‘বড় একা’ গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি হয়েছে।