দার্জিলিংয়ে চম্পা
ভ্রমণ নয়, শুটিংয়ের জন্য ভারতের দার্জিলিং যাচ্ছেন চম্পা। ইস্টার সানডে দার্জিলিং নামের একটি টেলিছবিতে অভিনয় করবেন তিনি। এটি নির্মাণ করবেন উত্তম গুহ। জানা গেছে, ২৩ সেপ্টেম্বর রাতে উত্তম গুহ সবাইকে নিয়ে দার্জিলিং রওনা হবেন। টেলিছবিটির শুটিং হবে দার্জিলিংয়ের মাউন্ট হারম্যান স্কুলে। বাংলাদেশের যে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে, তাদের জীবন নিয়েই এর গল্প। চম্পা জানান, তিনি একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করবেন। নাটকে তাঁর সন্তান দার্জিলিংয়ে পড়াশানা করে। ইস্টার সানডের সময় তিনি সেখানে গেলে অনেক দিনের পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়। এরপর নাটকের গল্প অন্যদিকে মোড় নেয়।চম্পা বললেন, ‘ছোট পর্দায় আমি খুব বেছে বেছে কাজ করি। এই গল্পটি শুনে পছন্দ হয়েছে। আর উত্তম গুহ যে ভালো কাজ করেন, তা সবাই জানেন।’ চম্পা ছাড়া এই টেলিছবিতে আরও অভিনয় করবেন বাবুল আহমেদ, আনিলা, রজত ও মাউন্ট হারম্যান স্কুলের শিক্ষার্থী অবন্তী।