
সম্প্রতি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২১তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি জেনারেলসহ ৪৯ সদস্যের কেন্দ্রীয় ও নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্মেলনে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আকতারুজ্জামান। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এর আগের পরপর দুই কমিটিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন আপনি। অনুভূতি জানতে চাই৷
প্রথমে বলতে চাই, ফেডারেশনের এ ধরনের একটা সম্মানজনক পদে আসতে পেরে ভালো লাগছে৷ আমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে আছি। আগে কমিটিতে থেকে যেভাবে কাজ করে এসেছি, তারচেয়ে এখন কর্ম, দায়িত্ব, সচেতনতা আরও বেড়ে গেল।
এর আগে সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এরপর ২০১৪ সালে। গঠনতন্ত্রে দুই বছর পরপর সম্মেলন করে নতুন কমিটি গঠন হওয়ার নিয়ম থাকলেও পাঁচ বছর পরে কেন সম্মেলন হলো? ব্যর্থতা কার?
ব্যক্তিতগভাবে এ ব্যর্থতা কারোর না। আমরা সঠিক সময়ে সম্মেলন করতে পারিনি। এর জন্য কিছু সীমাবদ্ধতাও ছিল। মাঝখানে আমরা সরকারি অনুদান পেয়েছিলাম। তা দিয়ে দেশব্যাপী ফেডারেশনের কার্যক্রম শেষ করেই সম্মেলন করতে চেয়েছি। তা না হলে অর্থ সরকারি কোষাগারে ফেরত যেত। এ কাজটি যখন শেষ করে আনি, তখনই দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। তবে যেকোনো পরিিস্থতিতেই সম্মেলন করা উচিত ছিল।
এই কমিটি থিয়েটারকে কতটুকু এগিয়ে নিতে পারবেন বলে মনে করেন?
কমিটি গঠন হওয়ার পরপরই খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি মিটিংও শেষ করেছি আমরা । কিছু কর্মপরিকল্পনাও হাতে নিয়েছি। তা নিয়ে জোরেশোরেই কাজ চলছে। আশা করছি, এ কমিটি থিয়েটারকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
জাতীয় নাট্যশালায় কিছু বড় দলই নিয়মিত নাটক মঞ্চায়নের জন্য মিলনায়তন বরাদ্দ পাচ্ছে । কিন্তু অনেক ছোট দল মাসের পর মাস আবেদন করেও সে অনুপাতে বরাদ্দ পাচ্ছে না। এ ক্ষেত্রে ফেডারেশনের ভূমিকা কী?
কিছু অগ্রজ দল প্রতিমাসেই নাটক করার সুযোগ পায়। আবার কিছু ছোট দল আবেদন করেও ঠিকমতো পাচ্ছে না। এই বড় দলগুলো থিয়েটার নিয়ে বেশি কাজ করে । তাদের প্রযোজনার সংখ্যাও বেশি। তবে আমরা ছোট দলগুলোকে বঞ্চিত করতে চাই না। এই সমস্যা হয়েছে মিলনায়তনের অভাবে। এ সমস্যা কেটে যাবে। ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।
ভবিষ্যতে গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সময়ে পরবর্তী নির্বাচন হবে িক?
নতুন কমিটি গঠন হওয়ার পর এবার গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে দুই বছরের পরিবর্তে তিন বছর পরপর সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তিগতভাবে বলতে চাই, এই পদে তিন বছরের এক দিনও বেশি থাকার ইচ্ছা নেই আমার । এবং ভবিষ্যতে আমরা সঠিক সময়েই সম্মেলন করে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই।
শ. আ. মা.