
মার্থা রুইজ আর ব্রায়ান কালিনানের হাতেই ছিল সব কটি ফলাফল। ব্রায়ানের কাছে যা ছিল, তার অনুলিপি ছিল মার্থার কাছেও। প্রাইস ওয়াটার হাউস কুপার্সের দুই হিসাবরক্ষক তাঁরা। প্রতিষ্ঠানটি অস্কারের ভোট গণনা করে তাঁদের হাতেই ধরিয়ে দিয়েছিল চূড়ান্ত ফলাফল। সেরা চলচ্চিত্র বিভাগে বিজয়ীর নাম ভুল ঘোষণায় তাই তাঁদেরই এখন প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।
তবে কালিনান নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছেন এখন। এই কালিনানেরই দায়িত্ব ছিল বিজয়ীদের নামসংবলিত ফলাফলের খামগুলো পুরস্কার প্রদানকারীদের হাতে তুলে দেওয়া। কিন্তু এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণার কিছুক্ষণ আগে কালিনান ব্যস্ত ছিলেন টুইটারে।

মঞ্চের পেছন থেকে সে সময় সেরা অভিনেত্রী এমা স্টোনের ছবি তুলে টুইটারে পোস্ট করছিলেন তিনি। যেখানে তাঁকে আগে থেকে নিষেধ করা হয়েছিল, অস্কার অনুষ্ঠান চলাকালে তিনি যেন কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করেন। অবশ্য টুইটটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে কালিনান তা মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে কালিনানের টুইটের স্ক্রিনশট। তাই একাডেমি কর্তৃপক্ষ এখন ধারণা করছে, যখন কালিনান টুইটার নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর আরেক সহকর্মী মার্থা তাড়াহুড়ো করে সেরা অভিনেত্রীর ফলাফলের অনুলিপিটিই তুলে দেন সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার প্রদানকারীদের হাতে। বিবিসি