দি অফস্প্রিং-এর জয়ধ্বনি
পাঙ্ক রক ভক্তদের কাছে ‘দ্য অফস্প্রিং’ খুব পরিচিত একটি ব্যান্ডের নাম। বিলবোর্ড শীর্ষ দশ রক গানের তালিকায় এ সপ্তাহে অফস্প্রিংয়ের ‘ডেজ গো বাই’ গানটি চতুর্থ স্থান দখল করে আছে। আজ আমরা অফস্প্রিং নামক ব্যান্ডটির সংক্ষিপ্ত ইতিহাস জানব; যাঁরা পাঙ্ক রক নামক রক গানের ধারাটির অন্যতম পথপ্রদর্শক। অফস্প্রিং ব্যান্ডটির যাত্রা শুরুর ইতিহাস একটু ব্যতিক্রমী। আমেরিকায় ১৯৮৩ সালে এ ব্যান্ডের কার্যক্রম আরম্ভ হয়। ব্রায়ান ‘ডেক্সটার’ হল্যান্ড এবং গ্রেগ ক্রিজেল সাইপ্রেসের একটি গ্যারেজে সংগীতচর্চা করতেন। ব্রায়ান ‘ডেক্সটার’ হল্যান্ড ড্রামস এবং গ্রেগ ক্রিজেল বেজ বাজাতেন। তাঁদের পরিচয় হয়েছিল হাইস্কুলে। তাঁরা দুজন একবার একটি কনসার্টে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন। সেই কনসার্টে তাঁরা ঢুকতেই পারেননি। কনসার্টে সেদিন সেই দুই কিশোর প্রবেশ করতে না পেরে একটি ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। তাঁরা দুজন মিলে তাই গঠন করলেন ‘ম্যানিক সাবসাইডাল’ (অফস্প্রিংয়ের আগের নাম)। ব্যান্ড গঠনের কিছুদিনের মধ্যেই ‘ডেক্সটার’ হল্যান্ড ড্রামস বাজানো বাদ দিয়ে গিটার বাজানোর দায়িত্ব নেন। তিনি ব্যান্ডটির ভোকালও হলেন। ভোকাল হিসেবে আরেকজন সদস্যকেও নেওয়া হলো। তাঁর নাম ডয় থমসন। এরপর তাঁরা তাঁদের চেয়ে বয়সে একটু বড় কেভিন ওয়াসারম্যান ‘নুডলস’কে ব্যান্ডে আমন্ত্রণ জানান। নুডলসের বয়স তখন আঠারোর ওপরে থাকার কারণে প্রাপ্তবয়স্কদের দোকান থেকে অনেক কিছু তিনি কিনতে পারতেন বলেই মূলত হল্যান্ড এবং ক্রিজেল তাঁকে ব্যান্ডে থাকার জন্য অনুরোধ করেন।প্রথমে থমসনের এক বন্ধু জিম বেন্টন তাঁদের সঙ্গে ড্রামস বাজাতেন। এভাবে তাঁরা বেশ কয়েক বছর পার করলেন। এরপর যখন জিম বেন্টন ব্যান্ডটি ত্যাগ করেন, তখন থমসনকেও বের করে দেওয়া হয়। এ কারণে ‘ডেক্সটার’ হল্যান্ড তখন থেকে ব্যান্ডের মূল ভোকাল এবং জেমস লিলইয়া ড্রামার হিসেবে যোগদান করেন। ১৯৮৬ সালে তাঁরা তাঁদের ব্যান্ডের নাম ম্যানিক সাবসাইডাল থেকে দ্য অফস্প্রিং রাখলেন। ১৯৮৬ সালেই তাঁরা তাঁদের প্রথম সিঙ্গেল ‘আই ল বি ওয়েটিং/ব্ল্যাকবল’ প্রকাশ করেন। গানটি তাঁদের নিজস্ব রেকর্ড লেবেল ‘ব্ল্যাক লেবেল রেকর্ড’ কোম্পানি থেকে বের হয়। একই বছর তারা আরেকটি ডেমো টেপ বের করেন, যা ‘ম্যাক্সিমাম রক এন রোল’ ম্যাগাজিনের ইতিবাচক সমালোচনা পায়। ১৯৮৭ সালে লিলইয়া ব্যান্ড ত্যাগ করেন। ড্রামার হিসেবে রন ওয়েলটি তখন যোগ দেন। তাঁর বয়স তখন মাত্র ১৬। দি অফস্প্রিং যেসব অ্যালবাম প্রকাশ করেছে তা হলো:দি অফস্প্রিং (১৯৮৯)ইগনিশন (১৯৯২)স্ম্যাশ (১৯৯৪)ইক্সনে অন দ্য হোমব্র (১৯৯৭)আমেরিকানা (১৯৯৮)কনসপিরেসি অব ওয়ান (২০০০)স্প্লিন্টার (২০০৩)রাইজ অ্যান্ড ফল, রেইজ অ্যান্ড গ্রেইস (২০০৮)ডেজ গো বাই (২০১২)দি অফস্প্রিং এখন পর্যন্ত অসংখ্য অ্যাওয়ার্ড জিতেছে। বিভিন্ন সময়ে ২১টি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে তারা ১১টি অ্যাওয়ার্ড পেয়েছে। এর মধ্যে আছে থ্রিডি অ্যাওয়ার্ডস, ক্যালিফোর্নিয়া মিউজিক অ্যাওয়ার্ডস, থুনো অ্যাওয়ার্ডস, কেরাং অ্যাওয়ার্ডস, এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, ওসি অ্যাওয়ার্ডস। দি অফস্প্রিংয়ের সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছিল তাদের তৃতীয় অ্যালবাম স্ম্যাশ বের হওয়ার পর। তাদের সেই অ্যালবামটি সারা বিশ্বে ১২ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। কোনো স্বতন্ত্র রেকর্ড লেবেল থেকে বের হওয়া বহুল বিক্রীত অ্যালবাম হিসেবে স্ম্যাশ রেকর্ড গড়েছে। অ্যালবামটি এপিটাফ নামক এক স্বতন্ত্র রেকর্ড লেবেল থেকে বের হয়েছিল। তাদের আমেরিকানা অ্যালবামটি মাল্টিপ্লাটিনাম, কনসপিরেসি অব ওয়ান অ্যালবামটি প্লাটিনাম এবং স্প্লিন্টার অ্যালবামটি গোল্ড সনদপ্রাপ্ত। দি অফস্প্রিংয়ের সব অ্যালবাম এখন পর্যন্ত ৩৬ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। এটা তাদের পাঙ্ক রকের সর্বাধিক জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে প্রথম সারিতে রেখেছে। আর তাদের অ্যালবামগুলো আছে সর্বাধিক বিক্রীত অ্যালবামের তালিকায় শীর্ষে। দি অফস্প্রিং ব্যান্ডটি পাঙ্ক রক ধারাকে জনপ্রিয় করার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছে। এ ছাড়া তাদের গানে পপ পাঙ্ক, স্পা পাঙ্ক, গ্রাঞ্জ ধারাও বিদ্যমান। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে যেসব বিশ্ববিখ্যাত ব্যান্ড গঠিত হয়েছে, তার মধ্যে হলো লিনকিন পার্ক, ব্লিংক ১৮২, সাম ৪১, সিম্পল প্ল্যান উল্লেখযোগ্য। এ ছাড়া আরও অগণিত অল্টারনেটিভ, গ্রাঞ্জ, পাঙ্ক ব্যান্ড তাদের দ্বারা প্রভাবিত।দি অফস্প্রিংয়ের নতুন অ্যালবামটি যাঁরা শোনেননি, তাঁরা শুনবেন। কেননা, পাঙ্ক রকের পথপ্রদর্শকেরা নতুন কী উপহার দিলেন, তা আমাদের জানা উচিত। মনোয়ারুল হক