দিতি নেই, আমরা আছি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
আফজাল হোসেন

একটি ফোন, শুনেছেন!
তখনো শুনিনি, তবে কণ্ঠস্বরে মুহূর্তেই বুঝে যাই, কোনো দুঃসংবাদ। জানা হয়, দিতি নেই। অনেকেই জানত, ধরে রেখেছিল দিতি চলে যাবে যেকোনো দিন, যেকোনো সময়। দীর্ঘদিন অনেক কষ্ট ভোগ করে দিতি চলে গেল। চলে যাবে বলে অনেক মানুষই রোজকার ব্যস্ততার মাঝখান থেকে খানিকটা সময় বের করে দেখতে গিয়েছে। দেখতে যাওয়া হয় সম্পর্কের তাগিদে, ভালোবাসার টানে। দেখতে যাওয়া সামাজিকতা, দায়িত্ব ও কর্তব্য।
মানুষ দেখতে যায়। বিষণ্ন মন নিয়ে ফিরে আসে। বিষণ্ন মনের কোনো এক প্রান্তে সামান্য একটু স্বস্তির অনুভবও জাগে। যেকোনো মুহূর্তে যে মানুষটা চলে যাবে, তার সঙ্গে শেষ দেখাটা হয়ে গেল। একধরনের সান্ত্বনা। এমন সান্ত্বনা পেতে চাইনি।
শেষ দেখা ছোটকাকুর শুটিংয়ে। গুলশানে, ওর বাড়িতে ছোটকাকু ধারাবাহিকের অর্ষা, সীমান্তদের ঘরের দৃশ্য চিত্রায়ণ করা হতো। একদিন রাত সাড়ে নয়টার দিকে আমাদের শুটিংয়ে এসে হাজির। কোনো সামাজিক অনুষ্ঠান থেকে ফিরেছে বোঝা যায়। নিজের ফ্ল্যাটে ঢোকার আগে দেখা করতে এসেছিল।
নিজে শিল্পী, তাই জানত যতক্ষণ কথা ততক্ষণ শুটিং বন্ধ থাকবে। চলে যাওয়ার বেলায় দরজার মুখে ঘুরে দাঁড়িয়ে মনে করিয়ে দেয়, আমার বাসায় একবেলা আপনার খাওয়ার কথা। তারপর দরজা পেরিয়ে বলেছিল, ফিরে এলে সময় দেবেন।

দিতি (৩১ মার্চ ১৯৬৫—২০ মার্চ ২০১৬)
দিতি (৩১ মার্চ ১৯৬৫—২০ মার্চ ২০১৬)

জানতে পারি, চেকআপের জন্য দেশের বাইরে যাচ্ছে। বলার ভঙ্গিতে মনে হয়নি গুরুতর কিছু। ভারতের হাসপাতালে সার্জারির আগের দিন শেষ কথা হয়েছিল। তখনো জানতে পারিনি অসুস্থতা কতটা গুরুতর। একজন সাংবাদিক আমাকে প্রথম জানান, মস্তিষ্কে অস্ত্রোপচার অতএব শঙ্কা ও উদ্বেগ কম নেই। সেসব গেল। ভালো আছে জেনেছিলাম। একদিন ফেসবুকে দিতির মেয়ে তাঁর মাকে নিয়ে খুব কষ্টের একটা লেখা লিখল। পড়লাম। পড়ে স্তব্ধ হয়ে যাই। মুহূর্তে একটা ঝলমলে মানুষের চেহারা বদলে যায়। মনে ভেসে ওঠে অতি চেনা, প্রিয় মানুষটার অসহায় রূপ। তা কোনো চলচ্চিত্র বা নাটকের চরিত্রের রূপ হলে ভালো হতো।
দিতিকে যারা দেখতে গিয়েছে তাদের মুখ থেকে বেদনাদায়ক বর্ণনা শুনে, যাওয়ার ইচ্ছা জাগেনি। আরিফ খান একদিন দিতিকে দেখে অত্যন্ত অস্বাভাবিক চেহারা ও মন নিয়ে আমার বাসায় হাজির। দেখলাম, স্থির হয়ে বসতে পারছে না। পায়চারি করছে, বারান্দায় গিয়ে দাঁড়ায়, ঘরে ফিরে আসে। হাত-মুখ ধোয়। পানি খেতে চায়। চা চেয়ে খায় না। অস্থির আচরণের মধ্যে খানিক পরপর বলতে থাকে, কেন গেলাম দেখতে, কেন গেলাম দেখতে। দিতির কষ্টের যে বর্ণনা শুনি তাতে মন খারাপ হয়ে যায়, অসহায় বোধ হয়।
দেখতে যাইনি। প্রিয়, চেনা মানুষ বা মানুষের এমন রূপ দেখার সাহস নেই আমার। নেই বলে মনে হয় লুকিয়ে থাকি, পালিয়ে বেড়াই। আমার মৃত্যুভয় নেই। তা নির্মম, সত্য জানি। মৃত্যুই শেষ গন্তব্য। জেনে, মেনেও যে মানুষকে যেমন রূপে চিনি, তেমন রূপটাই মনে টিকে থাকুক, চাই।
সাংবাদিক বন্ধুরা ক্ষমা করবেন। দিতির মৃত্যুর খবর পাওয়ার পরপর অসংখ্যজন ফোন করে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমি কিছুই জানাতে পারিনি। ফোন ধরা বন্ধ করেছি।
যেকোনো মানুষের সবল, দুর্বল দিক থাকে। একজন প্রিয় মানুষের মৃত্যু সংবাদ পাওয়ামাত্র অনুভূতি ব্যক্ত করার সামর্থ্য আমার নেই। যাঁরা ফোন করে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, সহজে বলতে পারতাম কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে। এই স্মৃতি সেই স্মৃতি—অসংখ্য স্মৃতির কথা বলতে পারতাম। পারতাম, পারা কঠিন নয়। কিন্তু পারিনি। কথা সব সময় বলতে ইচ্ছে হয় না। অনেক সময় মানুষ সঙ্গী না পেলেও নিজের সঙ্গে অনেক কথা বলে। বলে আনন্দ পায়। এমন অনেক সময়ও জীবনে আসে যখন মানুষ কিছু বলতে চায় না, কোনো অনুভূতি প্রকাশের সামান্য ইচ্ছাও জাগে না। মনে হয় সব বলা অর্থহীন, খুবই দরকারি।
খবরটা জানার পর থেকে ঘুরেফিরে রাত্রি-দিনে অসংখ্যবার সেই প্রথম দিনের সাক্ষাৎ থেকে টেলিফোনে শেষ কথা, দোয়া করবেন পর্যন্ত হাজার বর্গমাইলের ঘটনা-স্মৃতি রয়েছে, বর্ণনা করা যায়। ইচ্ছে জাগে না। অসংখ্য মানুষের অজস্র স্মৃতিকথা লেখা হবে, পড়া হবে, জানা হবে, দুঃখ হবে, আনন্দ জাগবে। আমরা বড়ই অদ্ভুত রকমের। জীবনের টুকরো টুকরো অংশ নিয়ে দুঃখ ও আনন্দ লাভে আগ্রহী। একটা মানুষকে বেঁচে থাকতে পুরো দেখার চেষ্টা হয় না, মরে গেলেও খণ্ডিত অংশে দেখতে চাই। মানুষের জীবন নয়, জীবনের অসংখ্য টুকরো আমাদের সন্তুষ্ট করে।
নায়িকা দিতি নেই। পড়ে থাকবে অসংখ্য মানুষের অজস্র রকমের স্মৃতি। হাওয়ায় উড়তে থাকবে স্মৃতির পর স্মৃতির পাতা। মনে হবে একটা মানুষের কত কত আপনজন, কত আনন্দ-বেদনার সঙ্গী ছিল। মৃত কত আপন ছিল তা জানাতে আমাদের ভালো লাগে। সহজে সবাই মৃতের আপন হতে পারি। খেয়াল করা হয় না, জীবিতের আপন হওয়ার সামর্থ্য খুব কম মানুষের থাকে।
খুব ভাগ্যবান ছিল না দিতি। পায়ে-পায়ে অবিরাম বাধা পার হয়ে এগোতে হয়েছে। তোয়াক্কা করেনি। ভেঙে পড়েনি। একা একাই লড়াই করে টিকে থেকেছে। কোনো রকমে নয়, মাথা উঁচু করে একাই এক শ হয়ে টিকে থেকেছে।
জীবন আনন্দের। বেদনার। প্রেম এবং নিষ্ঠুরতারও। জীবন সুন্দর ও কুৎসিত উভয়ের। দিতির ঘোর শত্রুও স্বীকার করবে, অসুখের আগের শত অসুখ তার জীবন থেকে তিল পরিমাণ সৌন্দর্য ছিনিয়ে নিতে পারেনি। যত দিন বেঁচে ছিল, মুখে হাসি আর অন্তরের সৌন্দর্য ছিল অটুট। নায়িকা দিতি বেঁচে ছিল, মুগ্ধ করা সৌন্দর্যের নায়িকার মতো। কেউ তাকে হারাতে পারেনি, হার মানতে হলো মৃত্যুর কাছে। মৃত্যু, যার কাছে সবাইকে হার মানতে হয়। দিতি নেই, আমরা আছি। এ থাকায় জীবনের ধরন কি বদলাবে? এক চুলও না।