দিতির চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয় শিল্পী পারভিন সুলতানা দিতির চিকিৎসার জন্য তাঁর সন্তানের হাতে চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে গণভবনে এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
অভিনয় শিল্পী পারভিন সুলতানা দিতির চিকিৎসার জন্য তাঁর সন্তানের হাতে চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে গণভবনে এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী দিতির দুই সন্তানের কাছে তাঁদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় দিতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।
টিউমার অপারেশনের জন্য গত বছরের ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন তিনি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন দিতি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বার চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। গত শুক্রবার ভারত থেকে দেশে ফিরে আবারও হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী।