দিতির সফল অস্ত্রোপচার

শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ে গেছেন পারভীন সুলতানা দিতি। আজ চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর মেয়ে লামিয়া চৌধুরি। লামিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ সকালে সফল অস্ত্রোপচার হয়েছে। সার্জন বলেছেন, তিনি ভালো আছেন, মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। তাঁকে এখনো চেতনানাশক দিয়ে রাখা হয়েছে। কাল নাগাদ তাঁর জ্ঞান ফিরবে।’
লামিয়া তার মায়ের জন্য ফেসবুক পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন। দিতির সঙ্গে তাঁর মেয়ে লামিয়াও চেন্নাই গেছেন।
ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। ২৫ জুলাই চেন্নাই যাওয়ার আগে অসুস্থতা সম্পর্কে কিছু বলতে রাজি হননি দিতি। সুস্থ হয়ে দেশে ফিরে বিস্তারিত জানানোর কথা বলেছিলেন। চার দিন দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন দিতি।
যাওয়ার আগে দিতি বলেন, ‘আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারব না। সবাই আমার জন্য যেন দোয়া করেন। আমি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’
শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সুস্থ হয়ে ফিরে আসি, ইনশা আল্লাহ তখন কথা হবে।’
অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজ করছিলেন।
আরও পড়ুন:
ভালো নেই দিতি