তিনি আসছেন। বচ্চন পরিবারের চতুর্থ প্রজন্ম, ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছেন। কিন্তু কবে? ১১.১১.১১? এমনই এক তারিখ চূড়ান্ত করা হয়েছে। চিকিৎসক নন, তারিখটি বাজিকরদের আবিষ্কার। তাঁদের ধারণা, ঐশ্বরিয়ার সন্তান এমনই একটি বিশেষ দিনে জন্ম নেবেন। ‘বিশেষ দিন’-এর রেশ ধরেই অন্য বাজিকরদের ধারণা, ১১ নভেম্বর নয়, ১৪ নভেম্বর সেই ‘ঐতিহাসিক দিন’। কারণ, সেদিন ‘বিশ্ব শিশু দিবস’। ১ নভেম্বর মা ঐশ্বরিয়া রাই বচ্চনের ৩৮তম জন্মবার্ষিকী। সে দিনটিও উড়িয়ে দিচ্ছেন না কেউ। তারিখ যা-ই হোক, অনাগত বচ্চন আগমনের আগেই যে চারদিকে ‘মহা সার্কাস’ শুরু হয়ে গেছে, তা দেখে বচ্চনরা বেশ বিরক্ত। টিভি চ্যানেলে তার লিঙ্গ নিয়ে জরিপ চলছে, ভোটাভুটিতে যমজ সন্তানের ভোট-ই বেশি। ওদিকে বাজিকরেরাও লাখো-কোটি রুপির বাজি ধরে আছেন; কেউ তারিখ নিয়ে, কেউ লিঙ্গ নিয়ে। অতি উৎসুকদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি দেখে বিরক্ত অভিষেক বচ্চন অনুরোধ জানিয়েছেন, ‘বাজি নয়, চলুন, সবাই মিলে প্রার্থনা করি, যেন আমাদের সন্তান সুস্থ-স্বাভাবিক পরিবেশে জন্ম নিতে পারে।’ কে শোনে কার কথা! জুম টিভিতে জরিপ চলছে—সাবেক মিস ইন্ডিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন, লারা দত্ত, সেলিনা জেটলির মধ্যে কার বেবি বাম্প সবচেয়ে আকর্ষণীয়? যদিও ঐশ্বরিয়াকে মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েও আন্তর্জাতিক তিনটি ফ্যাশন ম্যাগাজিন ভোগ, অ্যালে, কসমোপলিটন বেবি বাম্পের ছবি তোলাতে পারেনি। এমনকি একটি আন্তর্জাতিক এবং একটি ভারতীয় টিভি চ্যানেল ঐশ্বরিয়ার ডেলিভারির পরবর্তী মুহূর্তের ভিডিও ফুটেজ ধারণের জন্য মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেছে বচ্চন পরিবারকে। এই প্রস্তাবও বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন বচ্চনরা। ঐশ্বরিয়ার যুক্তি, ‘আমরা কখনোই আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রচারমাধ্যমের বাড়াবাড়িকে প্রশ্রয় দিইনি। বিয়ের ছবি, ভিডিওর স্বত্বও কারও কাছে বিক্রি করিনি। এবারও তার ব্যতিক্রম হবে না।’ প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া খবর ‘ঐশ্বরিয়া-অভিষেক যমজ মেয়েসন্তানের মা-বাবা হতে যাচ্ছেন’ উড়িয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘ছেলে-মেয়ে কী হবে, তা সময় হলেই জানতে পারবেন। আগে থেকে বলাটা আমাদের সংস্কারের মধ্যে পড়ে না। এটুকু বলতে পারি, আমার এই দুটি হাত এখন ছোট্ট শিশুটিকে বরণ করে নেওয়ার জন্য একদম প্রস্তুত।’চিকিৎসক সময় বেঁধে দিয়েছেন নভেম্বরে। আর সেই হিসাবে বচ্চন পরিবারে নভেম্বরে জন্ম নেওয়া ষষ্ঠ সদস্য হতে যাচ্ছেন অনাগত বচ্চন। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন—দুজনই পুরো নভেম্বর মাস কাজ থেকে ছুটি নিয়েছেন। ধুম ৩ ছবির শুটিং নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও বচ্চনদের অনুরোধে তা আর হচ্ছে না। এ কারণে ধুম ৩ মুক্তির তারিখও ২০১২ থেকে পিছিয়ে ২০১৩-তে নেওয়া হয়েছে।কেমন আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন? তা দেখতেই গত সোমবার জুহুর জলসা বাংলোতে ঢল নেমেছিল নারী তারকা ও পুরুষ তারকাদের স্ত্রীদের। ঐশ্বরিয়ার গোদ-ভারাই বা বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শাশুড়ি জয়া বচ্চন। পুত্রবধূ কী পোশাক পরবেন, সঙ্গে কী গয়না পরবেন, অনুষ্ঠানে অতিথি কারা থাকবেন, খাবারের মেন্যু কী হবে—সব একাই ঠিক করেছেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন তখন সিডনিতে লিওনার্দো ডিক্যাপ্রিও, টবি ম্যাগুরের সঙ্গে দ্য গ্রেট গেটস্বি ছবির শুটিংয়ে ব্যস্ত। অভিষেক জয়পুর থেকে, বোন শ্বেতা বচ্চন দিল্লি থেকে এসেছিলেন মা জয়াকে সহযোগিতা করার জন্য। অভিষেক পরেছিলেন হালকা সোনালি রঙের কুর্তা-পায়জামা, ঐশ্বরিয়ার পরনে ছিল আবু জানি-সন্দীপের তৈরি স্যাফরন-লাল রঙের লেহেঙ্গা, সঙ্গে ফুলের গয়না। অনুষ্ঠান শেষে রীতি অনুযায়ী ডেলিভারির আগ পর্যন্ত মায়ের বাড়িতেই থাকতে হচ্ছে ঐশ্বরিয়াকে। তাই স্বামীর বাড়িতে সেদিন দীপাবলির আলোকসজ্জা দেখতে চেয়েছিলেন অ্যাশ। তাঁর অনুরোধেই পুরো বাড়ি সেজেছিল ফুলের মালায়, আলোর খেলায়। ঐশ্বরিয়ার প্রিয় দক্ষিণ ভারতীয় খাবার ছিল মেন্যুতে। ঐশ্বরিয়াকে মধ্যমণি করে নেচে-গেয়ে অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলেছিলেন সায়রা বানু, আশা পারেখ, ডিম্পল কাপাডিয়া, শ্রীদেবী, টুইঙ্কল খান্না, নীলম, কাজল, সরোজ খান, ঊর্মিলা, সোনালী বান্দ্রে, মান্যতা দত্ত, মানা শেঠি, নীতু কাপুর সিং, বৈভবী মার্চেন্ট, বিপাশা বসু, গৌরী খান, সুজান রোশন, করণ জোহর। ঐশ্বরিয়াও কৃতজ্ঞতাস্বরূপ নিজের ডিজাইন করা ওড়না উপহার দিয়েছেন প্রত্যেক অতিথিকে। বচ্চনরা বাড়াবাড়ি পছন্দ না করলে কী হবে! সেদিনও জলসার বাইরে শত শত আলোকচিত্রীর সমুদ্র তৈরি হয়েছিল। কেউ রাস্তায়, কেউ গাছে চড়ে, কেউ অন্য অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ছবি তোলার চেষ্টা করেছেন। এসব দেখে অনেকের প্রশ্ন, জন্ম নেওয়ার আগেই যিনি তারকা বনে গেছেন, তিনি জন্ম নিলে না জানি কী হয়! রুম্মান রশীদ খানসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, রেডিফ, ফিল্মফেয়ার, আপুন কা চয়েস, বিহাইন্ডউডস, ফার্স্টপোস্ট, ডিএনএ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া, প্রোকেরালা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ম্যাডামতুসো, দাইজিওয়ার্ল্ড, সউফনিউস, বিজনেস ওয়্যার ইন্ডিয়া ডট কম অবলম্বনে