দিন ফিরেছে প্রিয়াঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ কবে, কোন বিষয়ে তিন খান মতৈক্যে পৌঁছেছিলেন— এর উত্তর খুঁজে পাওয়া মুশকিল। তবে আমির খান, শাহরুখ খান ও সালমান খান— বলিউডের এই তিন ‘মুকুটহীন সম্রাট’ সম্প্রতি একটি বিষয়ে অভিন্ন রায় দিয়েছেন। আর তা প্রিয়াঙ্কা চোপড়ার গান ‘ইন মাই সিটি’ নিয়ে। সম্প্রতি সাবেক এই বিশ্বসুন্দরীর আন্তর্জাতিক অ্যালবামের একটি গান প্রকাশিত হয়েছে। আর এই গান শুনে সালমান খান টুইটারে লিখেছেন, ‘ও মাই গড! টানা তিনবার প্রিয়াঙ্কার ইংরেজি গান শুনলাম। অবিশ্বাস্য! অদ্ভুত! সালাম, মিস চোপড়া!’ ওদিকে একটি অনুষ্ঠানে বাদশা শাহরুখ খান জানিয়েছেন, ভারতের প্রথম তারকা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম কায়েম করার ক্ষমতা ও মেধা—দুটিই প্রিয়াঙ্কা চোপড়ার আছে। অসাধারণ গেয়েছে পিসি! আমির খান এর আগে কখনোই প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করেননি। তিনি শিকাগোতে ধুম থ্রি ছবির শুটিং চলাকালে ন্যাশনাল ফুটবল লিগ দেখছিলেন। এই টুর্নামেন্টের ফাঁকে ফাঁকেই প্রিয়াঙ্কার গান প্রচারিত হয়েছে। খেলা দেখতে গিয়ে প্রিয়াঙ্কার গানের প্রেমে পড়ে আমির নিজে প্রিয়াঙ্কাকে ফোন করেন। আহ্লাদে আটখানা হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমির খানের সঙ্গে দীর্ঘদিন অভিনয়ের স্বপ্ন দেখছি। সেই আমির আমাকে ফোন করে বলেছেন, তিনি আমার গানের ভক্ত! এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’ গান নিয়ে প্রিয়াঙ্কার অভিমত, ‘প্রস্তুতি না নিয়ে হুট করে কখনো অ্যালবাম করতে চাইনি। আমার প্রথম অ্যালবাম লেডি গাগার কোম্পানির ব্যানারে প্রকাশিত হচ্ছে। কেটি পেরি আমার সঙ্গে দ্বৈত গান গেয়েছেন। অ্যালবামের বেশ কটি গান আমি লিখেছি। এ রকম বিশাল পরিসরে অ্যালবাম করতে চেয়েছি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে!’সময়টা এখন প্রিয়াঙ্কারই। নানা স্বাদের ব্যর্থতার অধ্যায় পেরিয়ে প্রিয়াঙ্কা এখন সাফল্যের হাওয়ায় ডানা মেলছেন। বিগত তিন-চার বছরে দ্রোনা, হোয়াটজ ইওর রাশি, পেয়ার ইম্পসিবল, আনজানা আনজানি, সাত খুন মাফ—একের পর এক ফ্লপ ছবির মালিক হওয়ার পর গত বছর ডন ২ এবং এ বছর অগ্নিপথ, দু-দুটি বক্স অফিস হিট ছবি ঝুলিতে ভরেছিলেন প্রিয়াঙ্কা, যদিও আখেরে লাভ হয়নি কিছুই। কৃতিত্ব চলে গেছে শাহরুখ খান, হূতিক রোশন আর ‘চিকনি চামেলি’ ক্যাটরিনার ঝুলিতে। প্রিয়াঙ্কা তাই বিরস বদনে দিন গুনছিলেন একটি বড় হিটের। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া অন্য ধারার ছবি বরফি প্রিয়াঙ্কাকে সেই প্রত্যাশিত সাফল্য এনে দিয়েছে। এ রকম একটি আনকোরা বিষয়বস্তুর ছবিও আজ ১০০ কোটি রুপি ব্যবসা করতে চলেছে। শুধু তা-ই নয়, ফ্যাশন ছবির জন্য চার বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা প্রিয়াঙ্কা আগামী বছরও জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, স্ক্রিন, জি সিনে ও আইফার যোগ্য প্রার্থী হিসেবে নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন। বরফি ইতিমধ্যেই ভারত থেকে অস্কার-দৌড়ে শামিল হয়েছে। দ্য ফোরাম অব অটিজমের মুখপাত্র হিসেবেও প্রিয়াঙ্কাকে মনোনীত করা হয়েছে। পাঁচ বছর আগে ছিটকে পড়া পেপসির মুখপাত্র হিসেবেও পুনরায় মিস চোপড়াকে বরণ করে নেওয়া হয়েছে। এত সাফল্যের পয়গাম যখন চারদিকে, তখন প্রিয়াঙ্কারই বা কী দোষ! তিনি সম্প্রতি ‘ঝোপ বুঝে কোপ মারা’র যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন পারিশ্রমিক এক ধাপে দ্বিগুণ করে। আর এতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। একটি পণ্যের মুখপাত্র হিসেবে দিল্লির একটি ফ্যাশন শোতে ডিজাইনার প্রিয়াঙ্কাকে ‘শোস্টপার’ হওয়ার অনুরোধ করেছিলেন। ডিজাইনার ভেবেছিলেন, অন্য তারকারা ৩০ থেকে ৩৫ লাখ রুপি চান, প্রিয়াঙ্কা হয়তো মুখপাত্র হিসেবে বিনা মূল্যেই প্রস্তাবে রাজি হয়ে যাবেন। কিন্তু প্রিয়াঙ্কা বোধ হয় দীর্ঘদিন ‘বিনা মূল্য’ শব্দের সঙ্গে পরিচিত নন। তাই বিনা মূল্য কিংবা সাধারণ মূল্যকে পাশ কাটিয়ে এক কোটি রুপি চেয়ে বসেছেন! বেচারা ফ্যাশন ডিজাইনার! আরেকটু হলেই হাসপাতালের কেবিনকে আপন করে নিতে হতো। পরিচালক অপূর্ব লাখিয়ারও হয়েছে একই দশা। অমিতাভ বচ্চনের বিখ্যাত জঞ্জির ছবিটি রিমেক করছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া এ ছবিতে কাজ করছেন চিরঞ্জীবের সুপুত্র রামচরণ তেজার বিপরীতে। কাজ শুরুর আগে মৌখিকভাবে তিন কোটি রুপিতে দফারফা হয়েছিল নির্মাতা-অভিনেত্রীর। কিন্তু গত সপ্তাহে প্রিয়াঙ্কা জানান, তাঁকে বিমানের টিকিট, সহকারীদের থাকা-খাওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাদে নয় কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে। ৭০ কোটি রুপি ব্যয়ে নির্মীয়মাণ জঞ্জির ছবির নির্মাতার এখন মাথায় হাত!অবশ্য কেউ কেউ প্রিয়াঙ্কার গায়ে ‘অপেশাদার’ ট্যাগ লাগাতে চাইলেও অনেকে আবার প্রিয়াঙ্কা বলতে অজ্ঞান। পরিচালক কে সি বোকাডিয়া ১০ বছর আগে তৎকালীন নতুন অভিনেত্রী প্রিয়াঙ্কা ও গোবিন্দকে নিয়ে নির্মাণ করেছিলেন দিওয়ানা ম্যায় দিওয়ানা ছবিটি। তবে শেষ পর্যন্ত এটি মুক্তি পায়নি। প্রযোজকের নানা ধানাই-পানাইয়ের ইতিহাস পেরিয়ে ঐতিহাসিক সেই ছবি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এ মাসে। কিন্তু এত বস্তা পচা ছবি এই ফেসবুক-টুইটার জমানার দর্শক কেন দেখতে যাবে? এসব ভেবে পরিচালক যখন ব্যাকুল, তখন প্রিয়াঙ্কাই রক্ষাকর্তায় ভূমিকায় এগিয়ে আসেন। ঝকঝকে-চকচকে একটি আইটেম গান করার পরিকল্পনা দেন। টিভিতে গান দেখে যেন দর্শক অন্তত বুঝতে পারে ছবিটি সদ্যপ্রসূত। প্রিয়াঙ্কার এই ‘মহানুভবতা’ দেখে কে সি বোকাডিয়া সত্যিই বোকা বনে গেছেন, এত ভালো অভিনেত্রীও হয়?এই ছবি ছাড়াও প্রিয়াঙ্কার হাতে আছে রাকেশ রোশনের কৃষ থ্রি (হূতিক রোশন) এবং তিগমংশু ধুলিয়ার মিলান টকিজ (ইমরান খান)। শোনা যায়, সাজিদ নাদিয়াদওয়ালার কিক এবং সোহেল খানের শের খান ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের জন্যও নাকি প্রিয়াঙ্কা ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন। সময় পেলেই সালমানের বাড়িতে বোন অর্পিতার বান্ধবী হওয়ার অজুহাতে হাজিরা দিচ্ছেন। সোহেল খান ও সালমান খানের বোন অর্পিতা। তাই শের খান ছবির পরিচালক সোহেলকে বোন অর্পিতা রীতিমতো আলটিমেটামও দিয়েছেন ‘টাইগার’-এর (সালমান) বিপরীতে ‘জাংলি বিল্লি’কে (প্রিয়াঙ্কা) না নেওয়া হলে ভাইয়ের কোনো ছবি আর সে দেখবে না। প্রিয়াঙ্কা অবশ্য এসব তথ্যকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘সালমানের সঙ্গে মাঝে সম্পর্ক খারাপ ছিল এটা মানি, তবে এখন ওর সঙ্গে কাজ না করলে আমার ক্যারিয়ার তলানিতে গিয়ে ঠেকবে, এটাও ঠিক নয়। আমি এত দিন একাই পথ চলেছি, বাকিটা পথ একাই চলতে পারব।’  রুম্মান রশীদ খানওয়ান বলিউড, রেডিফ, হিন্দুস্তান টাইমস, ডিজিটাল স্পাই ও মিড ডে অবলম্বনে