দিনটি ছিল নাট্যকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গ্রুপ থিয়েটারের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শোভাযাত্রা বের করেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশ গ্রুপ থিয়েটারের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শোভাযাত্রা বের করেন l ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকায় নাটক নিয়ে আবেগ সব সময় চড়া সুরে বাঁধা। আর সেই সুরের বন্ধন টিকিয়ে রেখেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বলা হয়, ঢাকা তো বটেই, সারা দেশে থিয়েটার চর্চার নিরন্তর প্রয়াস চালু রেখেছে এ সংগঠনটি। ১৯৮০ সালের ২৯ নভেম্বর গঠিত এ সংগঠনের গতকাল ছিল ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রা, আলোচনা আর জমজমাট সাংস্কৃতিক আয়োজনে পালিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে জড়ো হন নাট্যকর্মীরা। বিভিন্ন নাটকের দল ব্যানার আর বিভিন্ন বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রা নিয়ে শিল্পকলা একাডেমীতে আসে। নাট্যকর্মীদের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনা ছিল পুরো শোভাযাত্রায়। লিয়াকত আলী, ঝুনা চৌধুরীর মতো জ্যেষ্ঠ নাট্যকর্মীদের মুখ ফুলিয়ে বাঁশি বাজাতে দেখা যায়।
সন্ধ্যার পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার আগে নাট্যশালার সামনের খোলা করিডরে চলে তরুণ নাট্যকর্মীদের নাচ-গানের উল্লাস। দ্বিতীয় পর্ব শুরুর আগেই নাট্যশালার মূল মিলনায়তনটি ছিল পরিপূর্ণ। মঞ্চে একের পর এক এলেন নাটক-অন্তঃ প্রাণ মানুষ, দল বেঁধে রীতিমতো আড্ডা জমালেন। মিলনায়তনভর্তি দর্শক মনভরে তা উপভোগ করলেন।
সংগঠনটির প্রথম সভাপতি ছিলেন রামেন্দু মজুমদার। জ্যেষ্ঠ এই নাট্যজন বলেন, সব সময় স্মৃতি তুমি বেদনা বলা হলেও আমাদের সব স্মৃতিই সুখের, আনন্দের। সবচেয়ে বড় কথা হলো এ দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি কখনো ভাঙনের মুখে পড়েনি। সংগঠনটির প্রথম মহাসচিব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘গত এক বছরে অন্তত ১০টি নতুন নাটক দেখেছি। বেশ কয়েকটি নাটক উল্লেখ করার মতো ভালো লেগেছে। ৬৫ বছর বয়সে এসে যখন দেখি ২৫ বছরের একটি তরুণ ভালো কাজ করছে, তখন সত্যিই জীবনটাকে সার্থক মনে হয়!’ তবে কিছু কিছু ক্ষেত্রে শিল্পের ভাষা বোঝার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন নবীনদের। নাট্যজন মামুনুর রশীদ পেশাভিত্তিক নাট্যচর্চার গুরুত্বের কথা উল্লেখ করেন জোরালোভাবে। বলেন, ‘পেশাভিত্তিক নাট্যচর্চায় নিয়োজিত সার্বক্ষণিক নাট্যকর্মী যত দিনে না হবে, তত দিন আমাদের নাটকের মুক্তি নেই।’
অনুষ্ঠানে সংগঠনের বর্তমান সভাপতি লিয়াকত আলীও পেশাদার নাট্যচর্চার বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি বলেন, ‘রুচির দুর্ভিক্ষ ঘোচাতে শিল্পের আন্দোলন প্রয়োজন।’ সংগঠনের পক্ষ থেকে খুব শিগগিরই মেয়র নাট্যোৎসব, সাংসদ নাট্য উৎসবের পরিকল্পনার কথা জানান।
জ্যেষ্ঠ নাট্যকর্মী কামরুন নূর চৌধুরীর সঞ্চালনায় আলোচনাপর্বে স্বাগত বক্তব্যে সংগঠনের বর্তমান মহাসচিব আকতারুজ্জামান আগামী বছর তিন যুগপূর্তিকে সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
আলোচনার পরে কিছুটা বিরতি দিয়ে শুরু হয় তৃতীয় পর্ব। এ পর্বে নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার বেইলি রোড, আরণ্যক নাট্যদল ও ঢাকা থিয়েটারের সদস্যদের পরিবেশনায় বিভিন্ন নাটকের অংশবিশেষ ছিল দর্শকদের জন্য বাড়তি পাওয়া।