
‘শোন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী...’ গানের সুর ধরে এগিয়ে যাওয়ার পর দেখা গেল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনের বারান্দায় সেটি কাঠের ওপরে বেশ নান্দনিকভাবে আঁকা। ছবির নিচে ফুল, সামনে প্রদীপ মনে করিয়ে দেয়, ছবির মানুষটি আর নেই। গতকাল মঙ্গলবার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন প্রায় সারা দিনই সরব ছিল এই দিনে। আলোচনা-গান-নাচে তাঁকে স্মরণ করা হলো।
সকালের আয়োজন: বেলা ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় সুভাষ সিংহ রায়ের পরিচালনায় শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোন’। এতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং নীলক্ষেত স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। শিশু-কিশোর অনুষ্ঠানে বঙ্গবন্ধুর গল্প বলেন বিশিষ্টজনেরা।
বাংলাদেশ জাতীয় জাদুঘর সকালে শিশু চিত্রকলা ও তথ্যচিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন জাতীয় দিবসে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ১০০টি চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পায়। জাদুঘরের মূল লবিতে দিনব্যাপী প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র। তৃতীয় পর্বে আয়োজনে ছিল বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকার খ্যাতনামা ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিকেল ও সন্ধ্যার আয়োজন: জাতীয় জাদুঘরে বিকেলের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ নূরুল হুদা। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে তিনজন করে মোট ছয়জনকে পুরস্কার দেওয়া হয়।
বাংলা একাডেমিতে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু কীভাবে আমাদের স্বাধীনতা এনেছিলেন’ শীর্ষক একক বক্তৃতানুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তা ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনের শিক্ষা ছিল জনগণের মুক্তি ও কল্যাণ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করলেই তাঁকে স্মরণ করা সার্থক হবে।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় ছিল শিশু সমাবেশ, আলোচনা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত পঙ্ক্তি রচনা প্রতিযোগিতা ও ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং নৃত্য-গীতে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার। আলোচক ছিলেন কবি নির্মলেন্দু গুীণ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
আলোচনা শেষে সমবেত নৃত্য পরিবেশন করেন খেলাঘর, পিপলস লিটল থিয়েটার ও রণতা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এ ছাড়া পরিবেশিত হয় একক কণ্ঠের গান এবং বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এবং কবিকণ্ঠে কবিতা।