মা দিবসে সন্তানেরা নিয়ে এসেছেন তাঁদের মায়েদের। সন্তানেরা পাশে আছেন, আবার সম্মাননাও পাচ্ছেন তাঁরা—সব মিলিয়ে মায়েদের চোখে-মুখে ছিল অন্য রকম এক পরিতৃপ্তির ছাপ। গতকাল রোববার দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা’ পদক ২০১১-এর এই আয়োজন ছিল কেবল মায়েদের ঘিরে। অনুষ্ঠানে সন্তানেরা তাঁদের মাকে নিয়ে গর্ব করলেন। এবারের অনুষ্ঠানে সাতজন মাকে বিশেষ বিভাগে, ২৫ জন মাকে সাধারণ বিভাগে এবং একজন বাবাকে বিশেষ বাবা বিভাগে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পদক দেওয়া হয়।বিশেষ বিভাগে পদকপ্রাপ্ত মায়েরা হলেন: মতিজা রহমান, শামসুন্নাহার হক, মমতাজ সুলতানা, ফিরোজা বেগম, সাহিদা হক, নূরজাহান বেগম ও মরহুম জাহানারা বেগম। সাধারণ বিভাগে পদক পেয়েছেন সাইয়েদা মোসাম্মৎ জামিলা হাফিজ, জোহরা খাতুন, আয়েশা হজরত উল্লাহ, উম্মিয়া খাতুন, রোকেয়া আকবর, মরিয়ম আফিফা, হাজজা সালেহা আহমেদ, নার্গিস আনার বেগম, রেবেকা সুলতানা, সৈয়দ হেলেনা ইসলাম, সাহেদা বেগম, মাহমুদা খানম, এম জাহানারা বেগম, সালেহা খাতুন, নুরুন নাহার হাসান, বীণা রানী ত্রিপুরা, বেনাদী কোড়াইয়া, মীরা মুৎসুদ্দি, কৃষ্ণ প্রিয়া দাস, মর্জিনা বেগম, বেগম রওশনারা হক, শাহজাদী বেগম, সাজেদা খাতুন, রাবেয়া খাতুন ও হোমায়রা বেগম। এ বছরে শ্রেষ্ঠ বাবা হিসেবে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পদক পেয়েছেন সোহরাব হোসেন।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মাকে নিয়ে তাঁর নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমাদের সবারই উচিত মাকে তাঁর প্রাপ্য সম্মান ও ভালোবাসা দেওয়া।’মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, মা হিসেবে মহিলাদের যথাযথ ভূমিকা পালন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে। বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেন, ‘মায়ের তুলনা কেবল মা নিজেই।’আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘মার প্রতি সম্মান জানাতেই ২০০৩ সাল থেকে আমরা এই পদক প্রদান করে আসছি।’ অনুষ্ঠানে বক্তৃতা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, আনিসুল হক ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এ কে ফিরোজ আলম। আলোচনার পর অতিথিরা মায়েদের হাতে পদক তুলে দেন।অনুষ্ঠানের সূচনা পর্বে মাকে নিয়ে কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন কাজী আরিফ ও ‘আমাদের মা’ কবিতা আবৃত্তি করেন লায়লা আফরোজ।