দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল বঙ্গবন্ধু উৎসবে সমবেত নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল বঙ্গবন্ধু উৎসবে সমবেত নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল l ছবি: প্রথম আলো

গতকাল ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হলো বঙ্গবন্ধু উৎসব।
সকালে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, চিত্রশিল্পী হাশেম খান, নাট্যব্যক্তিত্ব ইনামুল হকও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছিল সাংস্কৃতিক আয়োজনও। উৎসব শুরু হয় শিল্পী কোনালের গলায় ‘মুজিবুর আছে বাংলার ঘরে ঘরে’ গান দিয়ে। ছিল কিছু দেশাত্মবোধক গান।
বিকেলে দ্বিতীয় পর্বে আলোচনায় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখনো হলি আর্টিজান, শোলাকিয়া, কল্যাণপুর, আশকোনা থেকে বের হতে পারিনি। আমাদের সবচেয়ে বড় শত্রু সাম্প্রদায়িক শক্তি। বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে হলে এ অপশক্তিকে পরাজিত করতে হবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাদি মহম্মদ, শাহীন সামাদ, ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, সালমা, আরেফিন রুমি প্রমুখ। ছিল উৎসবের আয়োজক বাংলাদেশ সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর পরিবেশনা।

পটের গানে বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে হয়ে গেল বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পটের গান ‘মহাপুরুষের অন্তর্ধান: ছহী শহীদ মুজিবনামা’।
গতকাল শুক্রবার বিকেলের এই আয়োজনে পটের গানটি তৈরি করেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক। পটচিত্র আঁকেন শম্ভু আচার্য। গান পরিবেশনের আগে সেসব নিয়ে সংক্ষেপে কিছু কথা বলেন এনামুল হক। ১৯৯৯ সালে তিনি মুক্তিযুদ্ধের ওপর একটি কাজ করতে চেয়েছিলেন। কাজটি করতে বেছে নেন পটের গান।
পটচিত্রী শম্ভু আচার্য বলেন, ‘এনামুল হক তাঁকে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি পটচিত্র তৈরি করতে বলেছিলেন। তিনি স্বাধীনতার কথা বলবেন, আমি ছবি আঁকব। শুনে মনে হলো, এ তো আমার স্বপ্নেরই কথা।’ এরপর তাঁকে দেওয়া তথ্য থেকে এঁকে ফেলেন পটচিত্র। বঙ্গবন্ধুর জন্মদিনে গানটি পরিবেশিত হওয়ায় আনন্দিত তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী।

নাচ করল, গান করল কচি-কাঁচারাও
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার আসর গতকাল আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সকালে সেগুনবাগিচায় কচি-কাঁচা ভবন মিলনায়তনে খোন্দকার ইব্রাহিম খালিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কবি রবিউল হুসাইন।