দিনভর রকমারি আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চ্যানেল আই তার চতুর্দশ বর্ষে পদার্পণের দিনটিকে আনন্দঘন করে রেখেছিল। গতকাল ১ অক্টোবর শুরু হলো স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের চতুর্দশ বর্ষে যাত্রা। এ উপলক্ষে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এসেছেন শুভেচ্ছা জানাতে। তাঁরা বলেছেন, চ্যানেল আই খবর, বিনোদন, শিল্প-সংস্কৃতি নিয়ে বিভিন্নমুখী তৎপরতার মধ্য দিয়ে বিশ্বময় বাঙালির দেশাত্মবোধ ও চেতনার এক বাতিঘরে পরিণত হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সিনিয়র আইনজীবী রফিক-উল হকসহ সমাজের সুধীজনেরা। গতকাল সকাল আটটায় চ্যানেল আই কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয় বেলা ১১টায়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ব্যানার-ফেস্টুনবেষ্টিত বেলুন উড়িয়ে এই পর্বের উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। অন্যান্য পরিবেশনার মধ্যে ছিল শিশুদের একক ও দলীয় সংগীত, শিশুনৃত্য এবং গম্ভীরা পরিবেশন ছিল মনোমুগ্ধকর। সংগীত পরিবেশন করেন আবদুল জব্বার, ফকির আলমগীর, শাহনাজ বেলী, বিপ্লব, হূদয় খান প্রমুখ।সন্ধ্যা সাতটায় চ্যানেল আই প্রাঙ্গণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১০০ কেজি ওজনের কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় জন্মোৎসবের অনুষ্ঠান।না বোঝা, না জানা কান্নার গল্পইতিহাসের পাতা থেকে তুলে আনা আড়াই শ বছর আগের ঘটনা। সেই নবাব সিরাজউদ্দৌলার সময়ের কাহিনি। যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দোলাকে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন রাজপ্রাসাদের অন্তঃপুরে কী ঘটেছিল?কেউ সেই ইতিহাস লেখেননি। কী করেছিলেন তখন অন্তঃপুরের নারীরা? তাঁদের কি স্বাধীনতা ছিল? কিংবা মর্যাদা ও অধিকার? কতটুকু ছিল নারীর আত্মপ্রকাশের সুযোগ?না বোঝা, না জানা কান্নার এসব গল্প নিয়েই পালাকারের নাটক নারীগণ। সে সময়ে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং তার পরিধি উঠে এসেছে নাটকের পরতে পরতে। বন্দী ছিল তাঁদের উপলব্ধি এবং ইচ্ছার পাখি। তাঁরা আত্মহত্যাও করতে পারেন না। অঙ্গুরির বিষ কেড়ে নেওয়া হয়। বুকে গাঁথার আগেই কেড়ে নেওয়া হয় তাঁদের খঞ্জর। লাজ-লজ্জা শালীনতার সব সীমারেখা পার হয়ে যায়, যখন প্রহরীর রূঢ় হাত তাঁকে জোর করে স্পর্শ করে। নারীদের বন্দী করাই সব নয়, ক্ষমতার আসনকে নিরুপদ্রব করতে নারীদের হত্যা করতেও পিছপা হয়নি পুরুষেরা।নারীগণ রচনা করেছেন কবি সৈয়দ শামসুল হক। পালাকারের জন্য নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। গতকাল সোমবার নাটকটি মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। ঠান্ডু রায়হানের আলোকসজ্জায় দর্শকেরা মুহূর্তেই পৌঁছে গিয়েছিলেন সিরাজউদ্দোলার সেই অন্তঃপুরে। শরিফুন্নেসা, আমিনা, ঘসেটি, পায়েলীরা তুলে ধরেছেন অন্তঃপুরের নারীদের না দেখা, না শোনা কান্নার গল্প। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: ফারহানা মিঠু, দীপ্তা রক্ষিত, তানিয়া হোসাইন, আরজুমান্দ আরা, জয়িতা মহলানবীশ, কাজী ফয়সল প্রমুখ।