সমাধিতে ফুল দেওয়া, মঞ্চে মঞ্চে তাঁর গান পরিবেশন আর অসাম্প্রদায়িক সাম্যবাদী মানবতার বাণী উচ্চারণের মধ্য দিয়ে গতকাল ১১ জ্যৈষ্ঠ সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তীর প্রধান অনুষ্ঠান ছিল কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ত্রিশাল, দৌলতপুর, চট্টগ্রামসহ নজরুলের স্মৃতিময় নানা স্থানে দিনভর ছিল নজরুল-বন্দনা।
গতকাল সকাল থেকেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্সের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি-নাতনি খিলখিল কাজী ও কবি পরিবারের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।