দিনে ৩০ কিলোমিটার হাঁটছেন সালমান!
‘দাবাং ২’ ছবির শুটিং চলছে মহারাষ্ট্রের প্রাচীন ওয়াই শহরে, আর সালমান থাকছেন ওয়াই থেকে ১৫ কিলোমিটার দূরের পাহাড়ঘেরা পঞ্চগনি শহরে। প্রতিদিন পঞ্চগনি থেকে হেঁটে শুটিং স্পটে যাচ্ছেন সালমান। আবার শুটিং শেষে হেঁটে ফিরে আসছেন পঞ্চগনিতে। এ হিসাবে প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটছেন ৪৬ বছর বয়সী এ ‘দাবাং’ তারকা। আর এমনটা তিনি করছেন নিজের শরীর ঠিক রাখতে।ইদানীং আগের তুলনায় অনেক বেশি শরীরসচেতন হয়েছেন সালমান। ধূমপান, মদ্যপান তো ছেড়েছেনই, নিয়মিত শরীরচর্চাও করছেন। সঙ্গে যোগ করেছেন দীর্ঘ দূরত্বের পথভ্রমণ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, শরীর ঠিক রাখতে এবার ভিন্ন পথ অবলম্বন করছেন সালমান। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি নিয়ম করে অনেকটা পথ হাঁটছেন তিনি। পেশিবহুল শরীর ধরে রাখতে না পারলে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে—এ জন্যই তিনি এমনটা করছেন।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের জটিল স্নায়ুরোগে ভুগছেন সালমান। যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ত্রোপচার করালেও রোগটি থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। রোগটি যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কপাল, গাল ও চোয়ালের তীব্র ব্যথায় কাতরাতে থাকেন তিনি। সালমানের মগজেও অস্বাভাবিকতা ধরা পড়েছে। এ জন্য চিকিত্সকের ছুরি-কাঁচির দ্বারস্থ হতে হবে তাঁকে। কিন্তু সে ঝুঁকিতে যেতে চাচ্ছেন না তিনি। কারণ, সে ক্ষেত্রে কোমায় চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে তাঁর। এত কিছুর পরও শরীরচর্চার ব্যাপারে কোনো রকম আপস করতে রাজি নন সালমান, বরং দিন দিন শরীরচর্চার মাত্রা বাড়িয়ে দিচ্ছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ অভিনেতা।