দিপীকার গুরু অমিতাভ!
বলিউডে বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম দিপীকা পাড়ুকোন। খুব অল্প সময়ে বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নিজের অবস্থার কথা জানান দিতে সক্ষম হয়েছেন দিপীকা। সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রী প্রকাশ ঝাঁ পরিচালিত ‘আরাকশান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এ ছবিতে অভিনয় করতে এসেই গুরুর দেখা পেলেন দীপিকা। তাঁর গুরু হলেন বলিউডের বিগ হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন।সম্প্রতি অমিতাভ ও দিপীকা দুজনই প্রকাশ ঝাঁর ‘আরাকশান’ ছবির শুটিং করছিলেন। ছবির শুটিংয়ের একপর্যায়ে অভিনয়ের ব্যাপারে কিছু পরামর্শ নেওয়ার জন্য দীপিকা হাজির হন অমিতাভ বচ্চনের কাছে। অমিতাভও হাসিমুখে স্বাগত জানান উদীয়মান এই তারকাভিনেত্রীকে। তারপর ছবির সেটে বসেই দীপিকাকে অভিনয়ের নানা দিক নিয়ে বেশ কিছু পরামর্শ দেন অমিতাভ। দিপীকাও গুরুর উপদেশ বেশ মনোযোগী শ্রোতার মতো শোনেন। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়ার খবরে দীপিকা জানান, ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য ছবির একটি হচ্ছে প্রকাশ ঝাঁ পরিচালিত ‘আরাকশন’। এ ধরনের ছবিতে অভিনয়ের জন্য প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন। আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন দিপীকা। তিনি এ-ও জানান, অমিতাভ বচ্চন ও হেমা মালিনী বলিউডের অভিজ্ঞতাসম্পন্ন অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম। তাই সময় সুযোগ পেলেই তাঁদের কাছ থেকে দীক্ষা নেওয়ার চেষ্টায় থাকেন তিনি।