দিলীপ কুমারের বাড়ি রক্ষায় কাউন্সিল গঠন
পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত দিলীপ কুমারের পূর্বপুরুষের ভিটা রক্ষার লক্ষ্যে সাংবাদিক, কলাম লেখকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে ‘বাংলাদেশ, ভারত অ্যান্ড পাকিস্তান পিপলস ফোরাম’ নামে একটি কাউন্সিল গঠন করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের চেয়ারম্যান শাকিল আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা দিলীপ কুমার। তাঁর মতো একজন তারকার পূর্বপুরুষের ভিটা রক্ষা করা সরকার এবং স্থানীয় জনগণের পবিত্র দায়িত্ব। দিলীপ কুমারের এ বাড়ি পেশোয়ারের ঐতিহ্য। এই ঐতিহ্যকে রক্ষা করার একমাত্র উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ, ভারত অ্যান্ড পাকিস্তান পিপলস ফোরামের জন্ম।’ দিলীপ কুমারের বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম সম্প্রতি স্থগিত করে প্রাদেশিক সরকার। এর পরিপ্রেক্ষিতে বাড়িটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয়। এ প্রসঙ্গে শাকিল আহমেদের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘দিলীপ কুমারের বাড়িটি খুবই নড়বড়ে হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টি কিংবা সামান্য ভূমিকম্প হলেই বাড়িটি ধসে পড়তে পারে। অবিলম্বে এর সংস্কারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় পেশোয়ারের এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদ এবং সরকারের মুখপাত্রদের কাছে গিয়ে স্থানীয় এ ঐতিহ্যকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব আমরা।’