দিলীপ চক্রবর্তী, তোমাকে কবে, কখন দিলীপদা সম্বোধনে ডাকতে শুরু করেছি, মনে নেই। আমি তোমাকে ডাকতাম দিলীপদা আর তুমি মিমি আপা। অথচ আমাদের জন্ম একই বছরে। আজ আমি তোমাকে নিয়ে লিখতে বসেছি। কখনো কি ভেবেছিলাম, এভাবে লিখতে হবে তোমাকে নিয়ে? ফ্ল্যাশব্যাক ৬: মনে মনে হাতড়ে বেড়াচ্ছি, কখন, কবে, কোথায় তোমার সঙ্গে প্রথম দেখা...নাটকপাড়া তখন সরগরম দেশ নাটকের নতুন নাটক নিত্যপুরাণ-এর ‘একলব্য’কে নিয়ে। ওই নাটকে একলব্য চরিত্রটি করতে তুমি। এসেই জয় করলে—এমন কুসুমাস্তীর্ণ ছিল কি তোমার পথ? কিন্তু দর্শকের হূদয় তুমি জয় করে নিলে; জয় করলে আমাদেরও।ফ্ল্যাশব্যাক ৫: তারপর বহুবার দেখা, বহুভাবে—কখনো মঞ্চে, কখনো থিয়েটারপাড়ায়। কেন যেন টেলিভিশন নাটকের অভিনেতা হিসেবে মঞ্চখ্যাত দিলীপ চক্রবর্তীর ভাগ্যটা ঠিক খুলছিল না। তাতে যে তুমি খুব অখুশি ছিলে, তা নয়। কিন্তু আমরা যারা ‘ফুলটাইম অ্যাক্টর’, তাদের যে আর্থিক দিকটা নিয়েও ভাবতে হয়। কোত্থেকে টাকা আসবে, কেমন করে বাড়িভাড়া দেব...আরও কত কী...। (বাংলাদেশের মঞ্চনাটক কেন এখনো শুধু স্বেচ্ছাসেবার গণ্ডিতে বাঁধা, কেন এখনো তা পূর্ণাঙ্গ রেপার্টারি ফর্মে রূপ পায়নি, সে তর্ক আজ বরং থাক।)ফ্ল্যাশব্যাক ৪: স্টামফোর্ড ইউনিভার্সিতে পড়তে এলে তুমি। বিষয় ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’। আমি মাস্টার্স প্রথম ব্যাচ তুমি দ্বিতীয়। আমি কোর্স শেষ করিনি। তুমি কি শেষ করেছিলে, দিলীপদা? আচ্ছা, তোমার এই কথা কেন কখনো জানা হয়নি! আমাদের এমন কত কিছুই অজানা থেকে যায় পরস্পর সম্পর্কে। অবস্থা এমন, আমাদের শুধু দেখা হয় ফুল হাতে শোকের অনুষ্ঠানে। আজ (১৮ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমী চত্বরে দাঁড়িয়ে ভাবছিলাম তোমার আর জগলুলের কথা। তোমরা দুজনই মাস্টার্স দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলে। দুজনই তুখোড় অভিনেতা, একনিষ্ঠ থিয়েটারকর্মী। সেই তোমরা দুজনেই চলে গেলে একই ঠিকানায়! ফ্ল্যাশব্যাক ৩: বেসরকারি টিভি চ্যানেলের নতুন পরিচালকেরা তোমার কদর বুঝল অবশেষে। ক্রমশ ব্যস্ত হতে শুরু করলে তুমি। আমরা সৌভাগ্যবান তোমার মতো অভিনেতাকে সঙ্গে পেলাম পৌষ ফাগুনের পালা ধারাবাহিক নাটকে। ২০১০ থেকে ২০১২—কত সূর্যোদয়, সূর্যাস্ত...কী কঠোর পরিশ্রম করেছি আমরা একসঙ্গে! আমার মনে আছে, প্রথম দিনের শুটিংয়ে তুমি তোমাদের তিন ভাইয়ের জন্য পৈতা তৈরি করে দিয়েছিলে নিজ হাতে। নাটকের যত বিয়ের দৃশ্য, মৃত্যু দৃশ্য, পুজোর দৃশ্য—সবকিছুতেই তোমার পরামর্শ নিতাম। দিলীপদা, এটা কী হবে, ওটা কী হবে জানতে তোমায় ফোন করতাম যখন-তখন। কত বড় পরিবার ছিল এই নাটকে তোমার...মা, বড়দা, ছোট ভাই, স্ত্রী, বৌদি, ছোটবোন...। দুই বছর একসঙ্গে কাজ করতে গিয়ে জেনেছিলাম বাস্তব জীবনে তোমার মা-বাবা নেই। শুধু এক বোন, তাঁরও বিয়ে হয়ে গেছে। তুমি থাকতে একলা। জীবনযুদ্ধ সামলাতে গিয়ে বিয়ে করা হয়ে ওঠেনি তোমার। একদিন কাজের ফাঁকে বলেছিলে, একটি মেয়েকে ভালো লাগার টুকরো কথা। ব্যস...ফ্ল্যাশব্যাক ২: শেষ দেখা রোজার ঈদের কদিন আগে। তারিখটা ছিল ১৬ আগস্ট। অফিসের দরজা খুলে আমি তো হতবাক! লিফট থেকে বেরিয়ে এল বৃদ্ধ এক লোক। লম্বা সাদা দাড়ি. সাদা চুল। আমি প্রথমে সত্যি তোমায় চিনতে পারিনি। চিনতে না পারায় যেই হাসলে সেই চিরচেনা হাসি, অমনি চিৎকার করে উঠলাম, ‘দিলীপদা!’ কোনো এক নাটকের শুটিং থেকে এসেছিলে, হাত ধরে নিয়ে গেলাম ভেতরে। সেখানে ছিলেন আসাদ ভাই, দিনার ও রাকেশ। তোমরা আড্ডায় বসলে। আর আমার এত ব্যস্ততা ছিল—কেন সেদিন তোমাকে সময় দিতে পারিনি, এই আফসোস আমার আজীবন থাকবে। কথা হলেই জানতে পারতাম তুমি অনিয়ম করছ, ঠিকমতো ডাক্তার মামার কাছে যাচ্ছ না। বকুনি দিতে পারতাম। তা হলে হয়তো তোমাকে হারাতে হতো না। কেন সময়মতো পরস্পরের দায়িত্ব নিতে পারি না আমরা...কিসের পেছনে ছুটে চলি? ফ্ল্যাশব্যাক ১: কাল রাতে প্রথম ফোনটা এসেছিল নিশাত দিদির কাছ থেকে। ফোনটা তখন রিসিভ করিনি...দুই মিনিটের মধ্যেই ফোনস্ক্রিনে ভেসে উঠল বন্যার নাম। বুকের ভেতরটা কেমন ছ্যাৎ করে উঠল—কারও কিছু হয়নি তো? বন্যা চিৎকার করে উঠল, ‘দিলীপদা...।’ নিশাত দিদি বলল, ‘হয়তো এখনো আছে।’ তারপর আবার দিদির ফোন, ‘নেই।’শেরেবাংলা নগর থানায় তোমাকে নিয়ে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে ছিল। থানার ভেতরে চলছিল মিটিং—পোস্টমর্টেম হবে কি হবে না। তোমার একমাত্র বোন এখন ভারতীয় নাগরিক, ওর পক্ষে চট করে আসা সম্ভব নয়। থানার চত্বর ভর্তি তোমার অসংখ্য বন্ধু, যারা তোমার সবকিছু। তবু আইনের প্রশ্নে তারা কেউ না তোমার। অ্যাম্বুলেন্সের ভেতর তোমার পাশে গিয়ে বসলাম। কপালে হাত রাখলাম। কী ঠান্ডা স্পর্শ। ঠিক এমনই ঠান্ডা ছিল ফরীদি ভাইয়ের কপালটাও। হুমায়ুন ফরীদির প্রিয় অভিনেতা দিলীপ চক্রবর্তী। দিলীপ চক্রবর্তীর প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি। ঈশ্বর তোমাদের মৃত্যু একই বছরেই লিখলেন! আচ্ছা, বলো তো, মৃত্যু কি শুধু ভাগ্যে লেখা থাকে, নাকি আমরা মৃত্যু টেনে আনি? সারা পৃথিবীর অভিনেতারা বেঁচে থাকেন দীর্ঘ জীবন। আমাদের অভিনেতাদের কেন এত স্বল্পায়ু? কেন এত হেলাফেলা আমাদের নিজেকে নিয়ে? দিলীপদা, আজ তোমার কফিনের পাশে দাঁড়িয়ে মনে মনে তোমাকে বলেছি, ‘ভালো থেকো।’ খুব কষ্ট হয়েছে আমাদের সবার। পৌষ ফাগুনের পালার শুরুতে প্রবাল তোমাকে নিয়ে লিখেছে, ‘অভিমানে একলব্যের মতো তুমিও চলে গেলে আড়াল করে ক্ষত, জানলে কি তোমার জন্য ভালোবাসা জমা ছিল কত...’দিলীপদা, জেনেছ কি?