দিলীপের সর্বশেষ কাজ ‘গ্রামের নাম লজ্জাবতী’
সদ্যপ্রয়াত মঞ্চ-টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী ১১ ও ১২ সেপ্টেম্বর তাঁর সর্বশেষ টিভি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির নাম ‘গ্রামের নাম লজ্জাবতী’। এহসান আহমেদের লেখা নাটকটি পরিচালনা করেছেন সোহেব আলম।সোহেব জানিয়েছেন, ‘গ্রামের নাম লজ্জাবতী’ নাটকে নারীশাসিত একটি গ্রামে পুরুষদের কী অবস্থা, তা দেখানো হয়েছে। নাটকে দেখা যাবে, লজ্জাবতী গ্রামের চেয়ারম্যান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে মেয়েরা দাপটের সঙ্গে অবস্থান করছেন। আর পুরুষেরা তাঁদের অধীন। নারীশাসিত এ গ্রামে বিচারের রায়ে সব সময় জয়ী হন নারীরা। পুরুষেরা নারীদের অবলা ভেবে যে ধরনের নির্যাতন করেন, সেগুলো যদি কোনোভাবে পুরুষদের ওপর নেমে আসে তবে কী অবস্থা হতে পারে, এ নাটকের মাধ্যমে হাস্যরসাত্মকভাবে তা-ই তুলে ধরা হয়েছে। এই নাটকে দিলীপ চক্রবর্তী অভিনয় করেছেন মুনিরা মিঠুর স্বামীর চরিত্রে। আর মুনিরা মিঠুকে দেখা যাবে লজ্জাবতী গ্রামের চেয়ারম্যানের ভূমিকায়। পরিচালক বলেন, ‘১১ ও ১২ সেপ্টেম্বর দিলীপদা (দিলীপ চক্রবর্তী) “গ্রামের নাম লজ্জাবতী” নাটকের শুটিং করার পর আর কোনো নাটকের কাজ করেননি। ১৬ তারিখ রাতেও তাঁর সঙ্গে শাহবাগ এলাকায় নতুন একটি ধারাবাহিকে অভিনয়ের বিষয়ে আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তো আর সেটা সম্ভব হলো না।’দিলীপ চক্রবর্তী ও মুনিরা মিঠু ছাড়া এই নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: সুপারহিরো তারকা সোহান খান ও লাক্স তারকা মাশিয়াত।মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের মেধাবী অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী গত সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের বাসায় আকস্মিকভাবে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।