দিল্লি চলচ্চিত্র উৎসবে বাবা-মেয়ের ছবি

দিল্লি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি নির্মাতা খালিদ মাহমুদ মিঠু ও তাঁর মেয়ে শিরোপা পূর্ণার দুটি ছবি। ছবি দুটি হচ্ছে জোনাকির আলো ও আমাদের নৌকাই আমাদের জীবন। একই উৎসবে বাবা-মেয়ে দুজনের ছবি প্রদর্শিত হতে যাচ্ছে—এ খবরে দারুণ আনন্দিত বাবা খালিদ মাহমুদ মিঠু।
কথা প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমি শিরোপাকে মেয়ে হিসেবে দেখছি না, সে আমাদের পরবর্তী প্রজন্ম। একই উৎসবে নির্মাতা হিসেবে বাবা-মেয়ের আমন্ত্রণের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারই একটা চিত্র দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে এটা অনেক বেশি আনন্দের।’
২০ ডিসেম্বর নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে তৃতীয় দিল্লি চলচ্চিত্র উৎসবের শুরু হচ্ছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে ৬০টি দেশের ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে। এটি তাদের তৃতীয় আয়োজন।
উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যায় প্রদর্শিত হবে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো আর ২৩ ডিসেম্বর বেলা ১১টায় প্রদর্শিত হবে শিরোপা পূর্ণার আমাদের নৌকাই আমাদের জীবন ছবি। উৎসবে অংশ নিতে ১৯ ডিসেম্বর দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাবা-মেয়ে। এই দলে আরও থাকছেন জোনাকির আলো ছবির পোশাক পরিকল্পনাকারী কনকচাঁপা চাকমা। ফিরবেন ২৮ ডিসেম্বর।
দিল্লি উৎসবে আরও থাকছে শহীদুজ্জামান বাদলের বান ফোঁড়া এবং অ্যাডাম দৌলার বৈষম্য।