দিল্লিতে অবরোধের 'বিশেষ জুরি' পুরস্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতা আমিনুর রহমান
নির্মাতা আমিনুর রহমান

৪র্থ দিল্লি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ১৫-এর উৎ​সবে বিশেষ জুরি পুরস্কার (স্পেশাল মেনশন জুরি অ্যাওয়ার্ড) পেয়েছে বাংলাদেশের নির্মাতা আমিনুর রহমানের ‘অবরোধ’ কাহিনিচিত্রটি। গতকাল ১ নভেম্বর দিল্লিতে আয়োজিত এই উৎ​সবে নির্মাতা আমিনুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিষয়টি জানতে যোগাযোগ করা হলে আমিনুর রহমান প্রথম আলোকে জানান, তিনি এখন দিল্লিতে। তিনি বলেন, এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে ২৭টি দেশের চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ‘অবরোধ’ ছবিটি প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের।
দিল্লির গোল্ডেন টিউলিপ হোটেলের তিনটি বলরুমে প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়েছে গতকাল সন্ধ্যায়। উৎ​সবে দুটি বিভাগে ৩টি করে ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে— অ্যানিমেশন শর্টস, ডকুমেন্টারি শর্টস, ফিকশন শর্টস।
আমিনুর রহমান জানিয়েছেন, চলচ্চিত্র উৎ​সবে স্টুডেন্ট বিভাগের সবগুলো ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়ার পর, শুরু হয় প্রফেশনাল বিভাগের পুরস্কার তুলে দেবার পালা। অ্যানিমেশন, ডকুমেন্টারি দুটোতে তিনটি করে ছয়টি পুরস্কার দেওয়া হয়ে গেল। এরপর ফিকশনে ক্যাটাগরিতে এসে বাংলাদেশের নাম উচ্চারিত হলো!
আমিনুর রহমান বলেন, ‘প্রথমটায় বিশ্বাসই করতে পারিনি! পরক্ষণেই নিজের নামটি শুনে সংবিৎ ফিরে পেলাম। বিশেষ জুরি পুরস্কারটি আমার হাতে তুলে দেওয়া হলো।’

‘অবরোধ’ আমিনুর রহমানের প্রথম স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জুন মাসে ‘নতুন নির্মাতা, নতুন চলচ্চিত্র’ উৎসবে এ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। এর পর অক্টোবরের ২৬ তারিখে অস্ট্রেলিয়ার ‘ড্রাগন ড্রিমিং ফিল্ম ফেস্টিভ্যাল ১৫’-এর উৎ​সবে এই ছবির দ্বিতীয় প্রদর্শনীটি হয়।