দিল্লিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
ভারতের দিল্লিতে শুরু হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া। উদ্বোধনের পর আয়না ছবিটি প্রদর্শন করা হয়।দিল্লিতে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন ও ভারতের চলচ্চিত্র উৎসব পরিদপ্তর। গতকাল দুপুরে মুঠোফোনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, তিন দিনের এই উৎসবে ইংরেজিতে সাবটাইটেল করা বাংলাদেশের সাতটি ছবি দেখানো হবে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মাটির ময়না ও অন্তর্যাত্রা, কবরীর আয়না, তৌকীর আহমেদের জয়যাত্রা ও রূপকথার গল্প, এনামুল করিম নির্ঝরের আহা! এবং মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর।উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ ও পরিচালক কবরী, উৎসবের পাঁচটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও অভিনয়শিল্পী তৌকীর আহমেদ এবং অভিনয়শিল্পী অপি করিম ও শহিদুল আলমকে। গতকাল দুপুরে তাঁরা দিল্লিতে পৌঁছেছেন।এনামুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরার অংশ হিসেবে দিল্লিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছেন। আশা করছি, এখন থেকে প্রতিবছর দিল্লিতে বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করা হবে।’সিরি ফোর্ট মিলনায়তনে প্রতিদিন স্থানীয় সময় বেলা আড়াইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায় ছবিগুলো দেখানো হবে।