দিল্লিতে সাইফ-কারিনার বিয়ে
বলিউডের অভিনেতা সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর সম্প্রতি জানিয়েছেন, দুই ধাপে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সাইফ-কারিনার বিয়ে। মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে দিল্লিতে। পরে মুম্বাইয়ে বলিউডের তারকাদের উপস্থিতিতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।এ প্রসঙ্গে মিড-ডে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে শর্মিলা বলেন, ‘ছোট পরিসরে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে দিল্লিতে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে হবে সাইফ-কারিনার। শুরুতে পতৌদি প্রাসাদেই এ বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রাসাদের সংস্কারকাজ শেষ না হওয়ায় সে পরিকল্পনা বাতিল করতে হয়েছে। বিয়ের মূল অনুষ্ঠানের পর মুম্বাইয়ে তারাঝলমলে জমকালো এক পার্টির ব্যবস্থা করা হবে।’ বিয়ের দিনক্ষণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানালেও এ বছরের শেষনাগাদ সাইফ-কারিনার বিয়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন শর্মিলা। তাঁর ইচ্ছা, অক্টোবরেই বিয়ে করুক সাইফ-কারিনা।এদিকে বিয়ের গয়নাসংক্রান্ত যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে সাইফের ছোট বোন সাবা আলি খানকে। সাবা পেশায় একজন গয়না নকশাকারী। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি ভাইয়ের বিয়ের নানা প্রস্তুতিতেও মা শর্মিলাকে সাহায্য করছেন সাবা।