সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে হয়ে গেল ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সম্মেলন ‘রি-সার্চিং ডান্স’। ২০টি দেশের সেই সম্মেলনে ছিল বাংলাদেশও।
দিল্লির নৃত্য সম্মেলনে বাংলাদেশ
বিমানের চাকা যখন রানওয়ের মাটি স্পর্শ করল, দিল্লিতে তখন দুপুর। সেদিন ২৭ নভেম্বর ২০০৯। বিমানবন্দর থেকে আমরা সোজা গেলাম জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায়। ওখানেই আমাদের থাকার ব্যবস্থা। পরের দিন একই সঙ্গে ঈদ ও সম্মেলন শুরুর দিন। কিন্তু আমাদের ঈদ উদ্যাপনের ফুরসত নেই। সকাল নয়টায় আমরা ছুটলাম দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে। এখানেই রি-সার্চিং ডান্স সম্মেলনের উদ্বোধনী আয়োজন। সকাল সাড়ে ১০টায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সভাপতি করণ সিং ও ভারতবিদ কপিলা বাত্সায়ন সম্মেলন উদ্বোধন করেন। উত্সবে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফিলিপাইন, মিয়ানমার, সিঙ্গাপুর, তাইওয়ানসহ ২০টি দেশের শতাধিক গবেষক, শিল্পী ও কোরিওগ্রাফার উপস্থিত ছিলেন। নৃত্যশিল্পী লুবনা মারিয়ামের নেতৃত্বে বাংলাদেশ দলের সদস্য ১৯ জন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল স্টেপেনি বারিজ ও ফ্রেড ফামব্রেড সম্পাদিত অস্পরা: সেলিব্রেটিং ডান্স ইন কম্বোডিয়া বইয়ের মোড়ক উন্মোচন। আমরা অতিথিদের হাতে তুলে দিই বাংলাদেশ শাখা থেকে প্রকাশিত বেলস অন আওয়ার ফিট নামের একটি পুস্তিকা ও ত্রিপতাক নামের গবেষণা জার্নাল।চার দিনের ওই সম্মেলনে নৃত্য উন্নয়ন, নৃত্য সংরক্ষণ, নৃত্য-শিক্ষাপদ্ধতি, নৃত্য সৃষ্টি, কোরিওগ্রাফি, ডান্স নোটেশন প্রভৃতি বিষয়ে মোট ৪০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সেমিনার ও উপস্থাপনাগুলো একসঙ্গে দুটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমরা দুই দলে ভাগ হয়ে প্রায় প্রতিটি সেমিনারে অংশ নিই।২৮ নভেম্বর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার মিলনায়তনে এবং ২৯ ও ৩০ নভেম্বর ইন্ডিয়া হ্যাবিটেড সেন্টারে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কম্বোডিয়া দলের পরিবেশনা ছিল মূলত বর্ণনামূলক। একই সঙ্গে নাট্য, গল্প, ক্ষণিক পদসঞ্চালন, আবার কেবলই নৃত্য উপস্থাপনা।১ ডিসেম্বর দিল্লির আনন্দগ্রামে অবস্থিত সংস্কৃতিকি নামের এক টেরাকোটা জাদুঘরে ছিল আমাদের সভা। অধ্যাপক আনিস মোহাম্মদের সভাপতিত্বে সৃজন ও উপস্থাপন, শিক্ষা ও প্রশিক্ষণ এবং গবেষণা ও প্রামাণ্যকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। অপরাহ্নে খাওয়ার বিরতির সময় আধা ঘণ্টা ঘুরে দেখলাম জাদুঘরটি। ২০ বিঘা জমির ওপর উন্মুক্ত জাদুঘর। ভারতের বিখ্যাত সব টেরাকোটার মডেল সেখানে সংরক্ষিত। ওই দিন সন্ধ্যায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন ও বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইন্ডিয়া ইসলামিক কালচার সেন্টারে ছিল বাংলাদেশ দলের নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশনায় অংশ নেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, আনিসুল ইসলাম, বেলায়েত হোসেন খান, তামান্না রহমান, এমি রহমান, মুনমুন আহমেদ, তাবাচ্ছুম আহমেদ, অপরাজিতা, তাথৈ, আনিকা, চাঁদনি, সোহাগ, মিঠুন, তুষার ও মারজানা। বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নর্থওয়েস্টিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো মঞ্জুলিকা রহমান। দর্শকসারিতে ছিলেন ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের বিভিন্ন দেশ থেকে আসা অতিথি, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি, বীণা সিক্রিসহ অনেকে। আমাদের নৃত্য পরিবেশনা বেশ প্রশংসিত হয়। সম্মেলনের একটি অংশ ছিল নবীন শিল্পীদের নিয়ে মাস্টার ক্লাস। আমাদের আনিকা, তাথৈ, মারজানা, সোহাগ, তুষার, মিঠুন মাস্টার ক্লাসে অংশ নেন। আমরা অনেকেই সেমিনারে অংশ নিই। আমরা শিখেছি, কেবল নৃত্য পরিবেশনাই যথেষ্ট নয়, নৃত্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, পরিকল্পনাসহ অনেক কিছুই জরুরি।