দিল্লির রাষ্ট্রপতি ভবনে চিরকুট

শনিবার দেশে ফিরেছেন চিরকুটের সদস্যরা। ফিরেই ঘুম। তাঁদের মুঠোফোনে পাওয়া গেল পরদিন সকালে। রোববার বিকেলে আড্ডা হবে চিরকুটের সঙ্গে।
মগবাজারে চিরকুটের স্টুডিও যেন একটি স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট। ঢুকতেই বসার ঘর। সেখানে বসে ফেসবুক দেখছেন সুমি আর পিন্টু। পাশে রান্নার ব্যবস্থা। সেখানে বিকেলের খাবার তৈরিতে ব্যস্ত পাভেল। সবাই দারুণ খুশি। সবাই একসঙ্গে কথা বলছেন। তাঁদের কাছে জমা হয়ে আছে অনেক গল্প। কার কথা আগে শুনব? ৩ থেকে ৮ নভেম্বর—মাত্র পাঁচ দিনে যেন পাঁচ যুগের অভিজ্ঞতা জমা হয়েছে।
এই পুরো পাঁচ দিন চিরকুটের সদস্যরা ছিলেন ভারতের নয়াদিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অতিথি ছিলেন তাঁরা।
এবার গল্প শোনার পালা। শুরুতেই সুমি বললেন, ‘আসুন, আগে আমাদের ছবি দেখুন।’
নয়াদিল্লিতে দুটি অনুষ্ঠানে গান করেছে চিরকুট। ৫ নভেম্বর রাষ্ট্রপতি ভবনের মিলনায়তনে আর ৭ নভেম্বর পুরান কেল্লায় দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসবে। ফেসবুকে সেসব পরিবেশনার ছবি দেখাচ্ছেন সুমি।
এবার গল্প শুনব। সুমি বললেন, ‘আমাদের অবাক হওয়ার পালা শুরু হয় নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান থেকে নামার পরই দেখি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য রাষ্ট্রপতি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অপেক্ষা করছেন। বিশেষ ব্যবস্থায় মাত্র কয়েক মিনিটে আমরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসি। রাষ্ট্রপতি ভবনে যখন পৌঁছাই, তখন দুপুর। আমাদের নিয়ে যাওয়া হয় অতিথিশালায়। চমৎকার পরিবেশ। নানা ধরনের গাছ আর হরেক রকম পাখির কিচিরমিচির। এখানে ফ্ল্যাট আছে ১৬টি। আমাদের প্রত্যেককে দেওয়া হয় আলাদা আলাদা ফ্ল্যাট। দুপুরের খাবার খেতে হবে। সেদিকে কারও মন নেই। আমরা অতিথিশালার সামনের খোলা মাঠে বসে যাই।’
৫ নভেম্বর রাষ্ট্রপতি ভবনের মিলনায়তনে গান করেছে বাংলাদেশের চিরকুট, ভারতের মৃগয়া আর পাকিস্তানের জেবুন্নিসা বঙ্গস। কিন্তু ওই দুটি ব্যান্ডের সদস্যরা ছিলেন রাষ্ট্রপতি ভবনের বাইরে, একটি পাঁচ তারকা হোটেলে। ওই দুটি ব্যান্ডের সদস্যদের সঙ্গে চিরকুটের সদস্যদের দেখা হয় ৪ নভেম্বর। সেদিন মিলনায়তনে মহড়ায় অংশ নেন সবাই।
রাষ্ট্রপতি ভবনের মিলনায়তনে সাধারণত শাস্ত্রীয় সংগীত, গজল কিংবা হালকা মেজাজের গান করা হয়। দেশের বরেণ্য অনেক শিল্পী সেখানে গান করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন। এখন এর পাশাপাশি সেখানে ব্যান্ড সংগীত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, তাঁর পরিবার, রাষ্ট্রপতি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক আর আমন্ত্রিত অতিথিরা।
৫ নভেম্বর অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। শুরুতেই চিরকুটের গান। চিরকুট পরিবেশন করেছে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘খাজনা’ আর ‘কানামাছি’ গানগুলো। এরপর ছিল জেবুন্নিসা বঙ্গস ও মৃগয়ার গান। শেষে ছিল তিন ব্যান্ডের শিল্পীদের একটি যৌথ পরিবেশনা।
সুমি বলেন, ‘সব অনুষ্ঠানেই দেখেছি মুখ্য অতিথিরা বসেন একেবারে সামনের সারিতে। কিন্তু ওখানে দেখলাম উল্টোটি। রাষ্ট্রপতি বসেছেন একেবারে শেষ সারিতে। তাঁর ওপর ছোট স্পট লাইট। ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি করার সময় তিনি মাথা নাড়াচ্ছিলেন।’
সুমি জানান, মঞ্চে ছবি তোলার সময় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিরকুটের সদস্যদের দিকে এগিয়ে এসে হেসে বললেন, ‘খুব ভালো, ব্রিলিয়েন্ট!’
রাষ্ট্রপতি আর তাঁর স্ত্রীর জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিলেন চিরকুটের সদস্যরা। এর মধ্যে ছিল সিল্কের পাঞ্জাবি, লুঙ্গি আর তাঁতের শাড়ি। অনুষ্ঠান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তা পৌঁছে দেওয়া হয়।
চিরকুটের আরেকটি সফল পরিবেশনা ছিল পুরান কেল্লায় দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসবে। সেদিন ৫০ মিনিট গান করেছে চিরকুট। পিন্টু বললেন, ‘ওখানে পাভেলের ড্রামস বাজানো দেখে দর্শকেরা খুব মুগ্ধ হয়েছেন। একসময় তো তাঁরা “পাভেল! পাভেল!” বলে চিৎকার করছিলেন।’

পাভেল বললেন, ‘ও রকম স্টেজ আর দর্শক দেখার পর আমরা সবাই যেন কেমন বদলে গিয়েছিলাম।’
আড্ডার প্রায় শেষ দিকে এলেন ইমন। বললেন, ‘এই দুটি অনুষ্ঠানেই আমরা নিজেদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করেছি।’
নয়াদিল্লির পুরান কেল্লায় দক্ষিণ এশিয়া ব্যান্ড উৎসব হলো ৭ থেকে ৯ নভেম্বর। আয়োজন কেরছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। সহযোগিতা কেরছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা শেহের। বাংলাদেশের চিরকুট ছাড়াও এই উৎসবে অংশ নিয়েছে ভারতের কাবুল অ্যান্ড রক ভেদা, মৃগয়া, আলব্য নাগা অ্যান্ড দ্য ব্যান্ড, দ্য স্কা ভেঞ্জারস, ইন্দুস ক্রিড ও ডন ভাট; পাকিস্তানের জেবুন্নিসা বঙ্গস, ভুটানের ফরসেকেন, শ্রীলঙ্কার দ্য হার্ব অ্যান্ড দ্য রেমেডি, মালদ্বীপের দ্য কিনেটিক অপারেশনস, আফগানিস্তানের ব্যান্ড, নেপালের মুক্তি ও ফ্রান্সের সাকসেস।
৮ নভেম্বর ঢাকায় ফেরার দিন সকালে রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখার সুযোগ পান চিরকুটের সদস্যরা। সুমি বলেন, ‘ওই ভবনের প্রায় সবকিছুই আমাদের দেখানো হয়। বসার ঘর, মিটিং রুম, বিভিন্ন কক্ষ, জাদুঘর—সবকিছু আমাদের কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল।’
এবার পাভেল আর ইমন তাঁদের স্টুডিও দেখার জন্য অনুরোধ করলেন। স্টুডিও দেখার সময় সুমি বললেন, ‘মাত্র কিছুদিন আগে এখানে একটি ছোট্ট রুম থেকে আমরা শুরু করেছিলাম। আজ এখানে দুটি ফ্ল্যাটে তিনটি স্টুডিও।’
বিদায় নিয়ে ফেরার সময় সুমি বললেন, ‘কিছুক্ষণ আগে দিল্লি থেকে দুটি কনসার্টে গান গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি। সবাই বসে এখনই যাওয়ার ব্যাপারটি চূড়ান্ত করব।’