দিহানের দ্বিতীয় অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি একদম কাঁদতে পারি না। কান্নাকাটি করলে চোখ জ্বলে, মেকআপ নষ্ট হয়—রাজ্যের ঝামেলা। তার চেয়ে হাসি-ঠাট্টা উত্তম, আয়ু বাড়ে। বাস্তব জীবনেও তাই সারাক্ষণ মাস্তি করে কাটাই। কিন্তু জননী সাহসিনী ১৯৭১ নাটকে জননী চরিত্রে অভিনয়ের জন্য আমাকে যথেষ্ট কাঁদতে হয়েছে। এমনও হয়েছে, শট ওকে হওয়ার পরও কান্না থামাতে পারিনি।’ বলছিলেন দিহান। প্রায় ১৪ বছর হতে চলল অভিনয় করছেন, কিন্তু গত বছরের শেষ দিকেই যেন নতুন করে ঝলসে উঠেছেন। ঈদে নূরুল আলম আতিকের বিকল পাখির গান, বিজয় দিবসে রেদোয়ান রনির জননী সাহসিনী ১৯৭১ অভিনেত্রী দিহানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। রসিকতা করে দিহান নিজেই বলেন, ‘এখন তো সিকুয়ালের জামানা। বিকল পাখির গান দিয়ে দিহান পার্ট টুও আপনাদের মনোরঞ্জনে হাজির। নতুন করে দিহানের যাত্রা শুরু হয়েছে।’ প্রশ্ন থেকে যায়, ১৪ বছর আগে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নক্ষত্রের রাত-এ অভিনয়, তারও তিন বছর পর শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কাজ করা—এত মানসম্পন্ন নাটক-চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকার পরও দিহান কেন ওইভাবে দর্শকের নজরে পড়েননি? ‘প্রথম কারণ, আমি নিয়মিত অভিনয় করিনি। যখন নক্ষত্রের রাত করেছিলাম, তখন আমরা সপরিবারে ময়মনসিংহে থাকতাম। অত দূর থেকে অভিনয় করতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। শিল্পকলা একাডেমীতে নাচ-গান শেখার সময় আম্মা নিয়ে যেতেন। তবে অভিনয় করার জন্য ঢাকায় এসে সেটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার জন্য আব্বা-আম্মা কেউই তাগিদ অনুভব করেননি। ২০০৩-২০০৪ সালের দিকে অবশ্য নিয়মিত অভিনয় শুরু করি।’ ‘ঢেঁকি গেলা অভিনয় যাকে বলে! একদিন হঠাত্ করেই অনুভব করলাম, আমি কি সবার অনুরোধ রাখতে অভিনেত্রী হয়েছি? রাজ্যের এলেবেলে সিরিয়ালে অভিনয়ের চেয়ে তো ঘরে বসে আড্ডা দেওয়া অনেক বেশি মজার। আমার দোষ ছিল, কাউকে “না” বলতে পারতাম না। কিন্তু এখন শিখেছি।’ প্রথম ‘হ্যাঁ’ বলেছিলেন কোন নাটকে? ‘নাটক নয়, হুমায়ূন আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তাহারা ছিল আমার প্রথম কাজ। ডিএফপিতে অডিশনের জন্য নিয়ে গিয়েছিলাম ছোট বোন তানিশাকে। তানিশা, শাওন অনেকেই অডিশন দিচ্ছিল। হঠাত্ করেই বরকতউল্লাহ আংকেল আমাকে বললেন, তুমি পড়ো তো! পড়লাম। অতঃপর সবাই সিদ্ধান্ত নিলেন, আমাকে দিয়েই করাবেন। এর আগেও অয়োময় করার কথা ছিল। কিন্তু করতে পারিনি। তাহারা করতে গিয়ে বাধল বিপদ। কাজের মেয়ের চরিত্রে আমাকে নাকি কোনোভাবেই মানাচ্ছে না। সবাইকে ভুল প্রমাণ করতে হুমায়ূন ভাইয়ের (আহমেদ) বুয়ার কাপড় ধার নিলাম। অথচ আমিই হলাম পৃথিবীর সেরা শুচিবাইগ্রস্ত মেয়ে।’এই শুচিবাইগ্রস্ত মেয়ে সাপ নিয়ে বিকল পাখির গান নাটকে কী করে অভিনয় করল? ‘সে তো আরেক কাহিনি’—দিহানের কণ্ঠে উত্তেজনা, ‘আতিক ভাই শুরুতে ফোনে গল্প শোনালেন। তারপর বললেন, তোর হাতে টিকটিকি, তেলাপোকা কিংবা সাপ দেব। তুই কোনটা চাস? বিপদে পড়ে গেলাম। তেলাপোকা?—ছি ছি! টিকটিকির সঙ্গে ফয়সালা?—অসম্ভব! যে বাড়িতে টিকটিকি থাকে, আমি কখনোই সে বাড়ির আশপাশেও যাই না। বাধ্য হয়েই বললাম, সাপ! চেষ্টা করে দেখতে পারি। ব্যস, তৈরি হয়ে গেল আমার বেদেনির চরিত্র। সাপ কীভাবে ধরতে হয়, তা দেখানোর জন্য আতিক ভাই, শুকু আপা আমাকে বেদেপাড়ায় নিয়ে গিয়েছিলেন। আমার জান যায়-যায় অবস্থা। সাপুড়ে আমার মুখের সামনে এসে বলেন, কোনো ভয় নেই। তোকে একদিন স্বর্পরানি বানিয়ে দেব।’ সাপের কারণে জয়া আহসানও ভীতসন্ত্রস্ত ছিলেন সব সময়। দিহান বলেন, ‘জয়া আপুর সঙ্গে ঝগড়ার একটা দৃশ্য ছিল। আমি নিজেও ঝগড়াটে মেয়ে নই। জয়া আপুর মিষ্টিমুখ দিয়ে গালি শোনারও প্রত্যাশা করিনি। কোনো রকম চিত্রনাট্য ছাড়া, এমনকি মহড়া ছাড়াই দৃশ্যটি ধারণ শুরু হলো! সে কী গালি রে বাবা! দৃশ্য ধারণ শেষে দুজন মিলে অনেকক্ষণ দম নিয়েছি।’হুমায়ূন আহমেদের বেশির ভাগ কাজে আপনাকে দেখা যায়, কেন? কারণ ‘আমার মা হুমায়ূন ভাইয়ের খালা হন। পারিবারিক সম্পর্ক আছে বলে ওনাকে ছাড়া কাউকে চিনতামও না। এর পরও অনেকের কাজ করেছি। তানভীর হোসেন প্রবালের সমাপ্তি করেছিলাম ২০০৬ সালে, যা গোয়া চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত হয়েছিল। ইমদাদুল হক মিলনের ডালিম কন্যা করেছিলাম, আমার খুব প্রিয় একটি কাজ।’বড় বোন তানিক, ছোট বোন তানিশা—দুজনই তো মিডিয়ায় কাজ করছেন। কে বেশি জনপ্রিয়? ‘অবশ্যই তানিশা। ক্ষুদে গানরাজ-এর পর ওকে নিয়ে রাস্তায় বের হওয়া যায় না। তানিক তো সেভাবে কাজ করে না। তবে ইচ্ছা আছে তানিশা, আমি, আমাদের আরও কাজিন মিলে একটি গানের দল করব, যার নাম হবে কলঙ্ক। প্রথম অ্যালবামের নামও হবে কলঙ্ক। এমনকি প্রতিটি গানেও কলঙ্ক শব্দটি থাকতে হবে।’ এ রকম হাসি-ঠাট্টা, আমোদ-ফুর্তির মধ্যেই দিহানের বসবাস।