দিয়া মির্জার বিয়েবিভ্রাট!

এ নিয়ে দ্বিতীয় দফায় পিছিয়ে গেল বলিউডের অভিনেত্রী দিয়া মির্জার বিয়ে। গত বছরের নভেম্বরে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন দিয়া ও তাঁর প্রেমিক সাহিল সাঙ্গা। কিন্তু দিয়ার মা দীপা মির্জা সে সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় বিয়ে পিছিয়ে গিয়েছিল। এরপর জানুয়ারি মাসের শেষের দিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দিয়া-সাহিল। কিন্তু এবারও বিধি বাম। সাহিলের ছোট চাচা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আবার বিয়ে স্থগিত করতে হয়েছে এ জুটিকে।
দিনকয়েক আগেই দিয়া তাঁর বন্ধু-বান্ধবদের কাছে নিজের বিয়ের বার্তা পাঠিয়েছিলেন। জানুয়ারি মাসের শেষের দিকে হাতে কোনো কাজ না রাখার জন্য বন্ধুদের অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আরেক বার্তায় বিয়ে স্থগিতের কথা বন্ধু-বান্ধবদের জানিয়েছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে, দিয়ার মুখপাত্রও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাছের মানুষদের শারীরিক অসুস্থতার কারণে বারবার বিয়ে পেছাতে হচ্ছে দিয়া ও সাহিলকে। এ ছাড়া হায়দরাবাদে দিয়া ও সাহিল প্রযোজিত ‘ববি জাসুস’ ছবির শুটিংয়ের কাজও পুরোদমে এগিয়ে চলেছে। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি শুটিং স্পটেও হাজির থাকতে হচ্ছে তাঁদের। এসব কারণে আপাতত বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।