দীনেন্দ্রনাথের গান নিয়ে 'আমার বেদনা লহ বুঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীনেন্দ্রনাথ ঠাকুরের একমুঠো গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম আমার বেদনা লহ বুঝি। তার গায়ে লেখা ছিল কবি শঙ্খ ঘোষের অনুভূতি, ‘...রবীন্দ্রনাথ তাঁকে বলতেন তাঁর গানের ভান্ডারী। সুর দিয়ে ভুলে যেতেন নিজে, তাই সঙ্গে সঙ্গে তাঁর দরকার হতো তাঁর স্নেহের দিনুর স্বর আর স্বরলিপির সহায়তা।’

সেই দীনেন্দ্রনাথের গান গাইলেন বাংলাদেশের সুকান্ত চক্রবর্তী এবং ভারতের অভিজিৎ মজুমদার। গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে আয়োজিত হলো মোড়ক উন্মোচনের। অ্যালবামটি বেঙ্গল ফাউন্ডেশন বের করেছে। উৎসর্গ করা হয়েছে ওয়াহিদুল হককে।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি সংগীতশিল্পী মিতা হক বললেন, দুই বাংলায় রবীন্দ্রনাথের গান ও নজরুলের গান শোনা হয়। এর বাইরে যে আরও অমিত ভান্ডার আছে, সে গানগুলো চর্চিত হয়নি। সে গানগুলো তুলে আনতে সুকান্তদের এই যে গবেষণা, এই যে চেষ্টা এটা প্রশংসাযোগ্য।