দীপ নেভে নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ভোঁসলের গাওয়া জিনাত আমানের ঠোঁটে করা ‘দম মারো দম’ গানের কথা বলিউডের দর্শকদের স্মৃতি বিলীন হওয়ার নয়। সে গানটি নতুন বোতলে পরিবেশন করতে চেয়েছিলেন পরিচালক রোহান সিপ্পি। ছবির নামও তিনি রেখেছেন দম মারো দম। ছবির একমাত্র নায়িকা বিপাশা বসু। অথচ দম মারো দম-এ নাচার জন্য ধার করে নিয়ে এলেন দীপিকা পাড়ুকোনকে। বিপাশা বসু বলে বেঁচে গেলেন পরিচালক রোহান সিপ্পি। অন্য নায়িকা হলে হয়তো রেগেমেগে ছবির শিডিউলই ফাঁসিয়ে দিতেন। অবশ্য বিপাশা বুদ্ধিমতী অভিনেত্রী। এই সময়ে তাঁর আইটেম গানের চেয়ে দীপিকার আইটেম গান পাবলিকে হাঁ করে গিলবে—এটা তিনি বিলক্ষণ জানেন। এ কারণেই বুঝি বাঁচনা অ্যাই হাসিনো ছবিতেও দীপিকাকে প্রধান নায়িকা চরিত্র দিয়ে বিপাশা খুশি ছিলেন পার্শ্ব অভিনেত্রীর চরিত্র নিয়ে। তবে দম মারো দম নিয়ে যতটা ঢাকঢোল পেটানো হয়েছিল, তার সিকি ভাগ সাফল্যও আসেনি। দীপিকার দম মারো দম হয়ে উঠতে পারেনি আরেকটি শিলা কিংবা মুন্নি। মূল গানের গায়িকা তো নতুন ছবির অডিও মুক্তির পরপরই তেলেবেগুনে জ্বলে টুইটারে টুইটস্ দিয়েছিলেন, ‘কী মনে করে “দম মারো দম”-এর মতো ক্লাসিক গানের রিমিক্স করা হলো, কিছুই বুঝলাম না।’ শুধু আশাই বা কেন, সাধারণ মানুষও খুব একটা গ্রহণ করেনি গানটি। এমনকি দীপিকার পোশাক নিয়েও কথা হয়েছে। এতটা স্বল্পবসনা দীপিকাকে অন্তত আগে দেখা যায়নি। যদিও পরিচালক চেয়েছিলেন দীপিকা ধূমপান করে গানটির চিত্রায়ণে অংশ নিক, কিন্তু ধূমপানবিরোধী মিস পাড়ুকোন পরিচালকের এই প্রস্তাবে রাজি হননি। ছবিটি ফ্লপ না হলেও হিটের কাতারে নাম লেখাতে পারেনি। নানামুখী আলোচনা আর সমালোচনার ভিড়ে ফল হয়েছে একটাই—দম মারো দম চলে এসেছে আলোচনার শীর্ষে। ছবি হিট না হলেও নতুন দম মারো দম সপ্তাহ খানেকের জন্য হলেও উঠে এসেছিল হিন্দি ছবির গানের শীর্ষ তালিকায়। অবশ্য হাউসফুল বাদে দীপিকার গত বছর মুক্তি পাওয়া কোনো ছবিই হিটের ঝুলিতে জায়গা পায়নি। লাফাঙ্গে পারিন্দে, কার্তিক কলিং কার্তিক, ব্রেক কে বাদ হিট করেনি, আবার ডাহা ফ্লপও নয়। একমাত্র খেলে হাম জি জান সে ব্যর্থ বাক্সের শোভা বাড়িয়েছে। তাই বলে দীপ্তিময় দীপিকার দীপ নেভে নাই। রহিত ধাওয়ানের দেশি বয়জ (জন), প্রকাশ ঝার আরক্ষণ (সাইফ, প্রতীক), শঙ্করের রানা (রজনীকান্ত), সাবির খানের হীরা-রঞ্জাসহ (শহীদ) আরও বেশ কটি ছবি রয়েছে তাঁর হাতে। শুধু কী তাই, গ্ল্যাম-ডল হিসেবে খ্যাত দীপিকা নাকি আরক্ষণ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়ে যেতে পারেন! অনেক খাটাখাটনি করে নাকি এ ছবিতে অমিতাভ বচ্চন, হেমা মালিনী, সাইফ আলী খান, প্রতীক বাব্বরদের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা। অবশ্য দীপিকার ভাষায়, ‘ভোপালে টানা শুটিং করতে খুব একটা কষ্ট হয়নি। শুধু একটি দিন মনে হয়েছিল, অভিনয়টা ছেড়ে দিই। এমন না আমি রান্না করি না, তবে আমাকে পরিচালক প্রকাশ ঝা বললেন রুটি বানাতে হবে! জীবনে কোনোদিন রুটি বানাইনি। পড়লাম মহা ফ্যাসাদে। অনুরোধ করলাম পরিচালককে রান্নার আইটেম বদলে দেওয়ার জন্য। কিন্তু তিনি নাছোড়বান্দা। এদিকে আমার কাঁদো কাঁদো অবস্থা। শেষ পর্যন্ত রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে এল সাইফ। সে যদিও খুব একটা ভালো করেনি, তাও আমাকে বাঁচিয়েছে বলে অসংখ্য ধন্যবাদ।’দীপিকা পাড়ুকোন আবারও প্রেমের নৌকায় পা রেখেছেন; তাঁর প্রেমিকপ্রবরের নাম সিদ্ধার্থ মাল্য—খবরটি পুরোনো। নতুন খবর হলো, সিদ্ধার্থ সম্প্রতি মাত্র (!) ২৫ লাখ রুপি খরচ করে প্রেমিকাকে একটি হ্যান্ডব্যাগ কিনে দিয়েছেন! তাতেই বাকবাকুম করছেন মিস পাড়ুকোন। প্রেমিকের দলের খেলা, হবু শ্বশুরের কিংফিশার উড়োজাহাজ—সবকিছুতেই দীপিকার আধিপত্য স্পষ্ট! তবু পত্রিকার সামনে স্বীকার করতে নারাজ দীপ্তিময় দীপিকা। ন্যাড়া যে বেলতলায় একবারই যায়! রণবীর কাপুরের সময় সম্পর্কের প্রথম মুহূর্ত থেকে স্বীকার করে ভুল করেছিলেন! এক ভুল বারবার করতে রাজি নন মিস পাড়ুকোন! রুম্মান রশীদ খান (সূত্র: ওয়েবসাইট)