দীপনকে শুভেচ্ছা জানালেন অনুরাগ কাশ্যপ

গতকালই পাঠক জেনে গেছেন, আজ থেকে শুরু হবে নির্মাতা দীপংকর সেনগুপ্ত দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর কাজ। নতুন খবর হলো, বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ এক ফেসবুক বার্তায় নতুন ছবির জন্য দীপনকে শুভেচ্ছা জানিয়েছেন।
অনুরাগ কাশ্যপ বার্তাটি দিয়েছেন মঙ্গলবার দিনের শুরুতেই, সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে (ভারতীয় সময় রাত ১২ টা)।
ফেসবুক বার্তায় কাশ্যপ লেখেন, ‘অভিনন্দন, দীপংকর সেনগুপ্ত দীপন। তোমার ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য শুভ কামনা। প্রযোজকদেরও শুভেচ্ছা। ভারতে আমাদের সঙ্গে তুমি সারাক্ষণ ছিলে। তখন বাংলাদেশি চলচ্চিত্রের জন্য যে স্বপ্নগুলোর কথা তুমি বলেছিলে, আশা করি, সবই সত্যি হবে। তোমার ছবি দেখার অপেক্ষায় আছি।’

‘ডেভ ডি’, ‘দ্য গার্ল ইন ইয়েলো বুটস’, ‘গ্যাঙ্গস অব ওয়াসিপুর’, ‘বোম্বে ভেলভেট’-এর মতো ছবি নির্মাণ করেছেন অনুরাগ কাশ্যপ।
এদিকে, নির্মাতা দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহি। এ ছবিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।
এ ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা অ্যাটাক’ ছবির মহরত অনুষ্ঠিত হবে। মহরতের সঙ্গে সঙ্গেই শুরু হবে ছবির কাজ। শুটিং হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।