দীপিকা-ক্যাটরিনাকে খুশি রাখলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু ও সহকর্মীদের খুশি রাখার মন্ত্রটা বেশ ভালোই জানা আছে ‘বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ খানের। সম্প্রতি ওই মন্ত্র তিনি প্রয়োগ করলেন দুই সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। সুযোগ থাকলেও একই বিমানের পরিবর্তে দীপিকা ও ক্যাটরিনার জন্য আলাদা বিমানের ব্যবস্থা করে খবরের শিরোনাম হলেন কিং খান। শাহরুখের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দীপিকা। আর ‘যব তক হ্যায় জান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা। সম্প্রতি কলকাতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেন তাঁরা। তাঁদের দুজনের জন্য আলাদা দুটি বিমানের ব্যবস্থা করেন শাহরুখ। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবির শুটিং থাকায় সন্ধ্যার পর বিমানে চেপে কলকাতা ছাড়েন দীপিকা। অন্যদিকে, আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই ক্যাটরিনার। চাইলেই তাঁরা এক বিমানে যেতে পারতেন। কিন্তু শাহরুখ আগে থেকেই ক্যাটরিনার জন্য বিমান ঠিক করে রেখেছিলেন। রাত ১০টার দিকে সেই বিমানে চেপে একা ফিরে যান ক্যাটরিনা। সূত্রটি আরও জানায়, দীপিকা ও ক্যাটরিনা দুজনই যে শাহরুখের কাছে সমান গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্যই তিনি এমনটা করেছেন। তবে এটাই একমাত্র কারণ নয়। আদতে বলিউডের বেশির ভাগ অভিনেত্রীই একে-অন্যের সঙ্গ সহ্য করতে পারেন না। ক্যাটরিনা-দীপিকাও এর ব্যতিক্রম নন। শাহরুখ তাঁদের জন্য কেবল আলাদা বিমানের ব্যবস্থাই করেননি, মঞ্চ পরিবেশনার মহড়ার সময় তাঁদের যাতে মুখোমুখি হতে না হয়, সেটাও নিশ্চিত করেন।