‘দীপিকা পাড়ুকোনকে না করতে পারিনি’
শিক্ষকতা, গান, অভিনয়, উপস্থাপনা, সুন্দরী প্রতিযোগিতার বিচারকাজ—কী না করেছেন তাহসান রহমান খান। তাহলে নাচটাই–বা বাদ যাবে কেন? প্রথম আলো অনলাইনের আয়োজনে হাতিল নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসা তাহসানের কাছে এ প্রশ্নই করেছিলেন উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমা। জবাবে তাহসান জানিয়েছেন, এখন পর্যন্ত এ নিয়ে তাঁর কোনো পরিকল্পনা নেই।
অনুষ্ঠানে পূর্ণিমার বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাহসান। এ পর্যায়ে পূর্ণিমা মজা করে জানান, তাহসানকে তাঁর হিংসা হয়। গায়ক, নায়ক, উপস্থাপক, বিচারক, শিক্ষক—কত পরিচয়। পূর্ণিমার প্রশ্ন, একটা মানুষের এত প্রতিভা কেন থাকতে হবে। তাহসানের কাছে তাঁর জিজ্ঞাসা, নাচ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি?
উত্তরে তাহসান খান লজ্জা পেয়ে বলেন, ‘এই একটা বিষয়ে আমি খুবই কাঁচা।’ তৎক্ষণাৎ পূর্ণিমার প্রশ্ন, তাহলে দীপিকার সঙ্গে নাচতে হলো কেন? তাহসানও কম যান না, ‘দীপিকা পাড়ুকোন এমনভাবে অনুরোধ করেছিল, না করতে পারিনি। ওই শোতে আসলে আমরা মানুষকে আনন্দ দিচ্ছিলাম। তাই করতে হয়েছে।’
আলাপে বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজের প্রসঙ্গও উঠে আসে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? পূর্ণিমার এই প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘উনি যে অসম্ভব ভালো অভিনেতা, এটা তো সবাই জানে। কাছ থেকে দেখে আমার মনে হয়েছে, মানুষ হিসেবেও উনি অনেক বিনয়ী। তাঁর সঙ্গে কাজ করা মানে শেখা। আমি মনে করি, বয়স মানুষের যা-ই হোক না কেন, প্রতিমুহূর্তে শেখার চিন্তাধারা যদি থাকে, তাহলেই কাজটা আরও বেশি উপভোগ করা যায়। ওনার সঙ্গে কাজ করার সময় শেখার মধ্যে ছিলাম বলে আমার আনন্দটা আরও বেশি ছিল।
সিনেমাটিতে আমার সব দৃশ্যই নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে। টানা এক মাস তাঁর সঙ্গে ছিলাম। আমি যে ধরনের চরিত্র করি, এ সিনেমায় আমার চরিত্রটি একদম আলাদা। এ কাজ আমার জন্য চ্যালেঞ্জিং যেমন ছিল, তেমনি রোমাঞ্চকরও ছিল। শুধু নওয়াজুদ্দিন সিদ্দিকী থাকার জন্য অসাধারণ ছিল, তা নয়; মোস্তফা সরয়ার ফারুকী জীবনে যত কাজ করেছেন, তার মধ্যে এ কাজ অন্যতম।’
‘যদি একদিন’, ’নো ল্যান্ডস ম্যান’-এর পর নতুন কোনো সিনেমার কাজ করার কথা কি হচ্ছে? তাহসান খান বলেন, ‘কথা তো হতেই থাকে। এখন যেহেতু মহামারির সময়, তাই সিনেমার কাজ তেমন হচ্ছে না। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন অনেক কাজ করছে। এ জন্য বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’
বেশ কিছু বড় অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বও পালন করেছেন তাহসান। উপস্থাপক তাহসানকে কত নম্বর দেবেন? পূর্ণিমার এ প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘আমি অনেক বছর শিক্ষকতা করেছি।
যখন অনেক মানুষ সামনে বসে থাকে আর আমার কথা বলতে হয়, তখন আমি খুব শিক্ষকসুলভ কথা বলি। নিজেকে গায়ক ও নায়ক হিসেবে যত নম্বর দেব, উপস্থাপক হিসেবে তত দেব না। কারণ, আমি উপস্থাপনা করতে গেলেও শিক্ষকতা শুরু করি, লেকচার দিতে শুরু করি। আমার উপস্থাপনায় মানুষ বিনোদন পায় না, লেকচার বেশি শুনতে হয়।’