দীপিকার চমক
‘স্বাগতম! তোমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবির শুটিংয়ে সুস্বাগতম!’ হাউসফুল ছবির পরিচালক সাজিদ খান ছবির অভিনয়শিল্পী অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রীতেশ দেশমুখ, লারা দত্ত, জিয়া খান, অর্জুন রামপাল, বোমান ইরানীকে প্রথম শুটিংয়ের দিনই হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, ‘আমরা নিজেদের জন্য ছবি বানাতে যাচ্ছি না। সমালোচকদের গালভরা প্রশংসা কিংবা পুরস্কার হাতে নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা আমজনতার জন্য বিনোদনে ভরপুর একটি ছবি বানাব। বন্ধুরা, তোমরা কি প্রস্তুত?’ এরপর সাজিদ প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকে ব্যক্তিগত কিছু অনুরোধ, পরামর্শ দিয়েছিলেন। সবাই সে চিঠি খুব মন দিয়ে পড়লেও ছবির নায়িকা দীপিকা শুটিং শেষ হয়ে যাওয়ার পরও চিঠিটি খোলেননি। দীপিকার সাফ কথা, ‘আমি কিছু কুসংস্কার মেনে চলি। আমার মনে হয়েছিল, চিঠিটি ছবি মুক্তির পরদিন খোলাই আমার জন্য ভালো ফল বয়ে আনবে।’ পরিকল্পনামাফিক আগামী ১ মে চিঠিটি খুলবেন দীপিকা। গত বছর অক্ষয়ের বিপরীতেই তাঁর অভিনীত চাঁদনি চক টু চায়না ডাহা ফ্লপ হয়। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না নিশ্চিতভাবেই জানালেন দীপিকা। হাউসফুল ছবি মুক্তির পর সিনেমা থিয়েটারগুলোতে নাকি ‘হাউসফুল বোর্ড’ ঝুলবে। কারণ এই প্রথম কোনো কমেডি ছবিতে কাজ করলেন দীপিকা। সমালোচকদের মতে, এটাই তো ভয়ের কারণ! দীপিকা এবং কমেডি? না জানি কত ভয়ানক হবে! কিন্তু হাউসফুল যাঁরা দেখেছেন, তাঁরা আশাবাদী নতুন করে জ্বলে উঠবেন দীপিকা।গত বছর লাভ আজ কাল মুক্তির আগেও দীপিকাকে সু-অভিনেত্রী মানতে রাজি ছিলেন না কেউ। ‘বরফ জমাট অভিব্যক্তিহীন পুতুল পুতুল চেহারার মেয়েকে দিয়ে কি অভিনয় হয়?’ এই অপবাদে দীপিকাকে ভাসিয়ে ফেলা হলেও সুপারহিট লাভ আজ কাল মুক্তির পর সেই সমালোচকেরাই দীপিকাকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন দিয়েছিলেন। প্রথম সারির নায়িকা হিসেবে দীপিকার নাম এখন অনায়াসেই নেওয়া যায়। হাউসফুল ছাড়াও আশুতোষ গোয়াড়িকরের খেলে হাম জি জান সে (অভিষেক), দানিশ আসলামের ব্রেক কে বাদ (ইমরান খান), যশরাজ ফিল্মসের প্রদীপ সরকার পরিচালিত লাফেঙ্গে পারিন্দে (নিল নিতিন মুকেশ) এ বছর দীপিকার বিজয়ের ঝান্ডা ওড়াবে। অবশ্য বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থ মাল্যের সঙ্গে দীপিকার নতুন প্রেমকাহিনি নিয়েও ঝান্ডা ওড়াতে ব্যস্ত প্রচারমাধ্যম। কিছুদিন আগে দীপিকা-শহীদকে ‘আইটেম’ বানানোরও জোর প্রচেষ্টা চলছিল। শহীদ কাপুরও রাজি ছিলেন। নিজের জন্মবার্ষিকীতে বিশেষভাবে নিমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকা। কিন্তু গুজব-গুঞ্জনের ভয়ে পার্টিতে উপস্থিত থাকারও প্রয়োজন মনে করেননি মিস পাড়ুকোন। বন্ধুদের কাছে এ-ও নাকি জানিয়েছেন, আপাতত প্রেমের নৌকায় সওয়ার হতে তিনি প্রস্তুত নন। বেরসিক কিছু রটনাকারী অভিষেক বচ্চনের সঙ্গেও দীপিকার সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। অথচ খেলে হাম জি জান সে ছবির শুটিংয়ে দীপিকা অভিষেকের চেয়ে তাঁর স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে বেশি অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। একসঙ্গে খাচ্ছেন, ঘুরছেন, এমনকি দুজন মিলে এক শিফটের রান্নাও করেছেন। একসঙ্গে এত কাজ সামলান কী করে? দীপিকার উত্তর, ‘ভুলে যাবেন না, আমি খেলোয়াড়ের সন্তান। আমি নিজেও একসময় খেলাধুলায় নিয়মিত ছিলাম। একসঙ্গে অনেক কাজ সামাল দেওয়ার অভ্যাস আছে।’ দীপিকার বাবা একসময়ের তারকা খেলোয়াড় ছিলেন বটে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তো তাঁর কোনো সংযোগ ছিল না। দীপিকার অসুবিধা হয় না, নতুন এসে এই ইন্ডাস্ট্রিতে মানিয়ে চলতে? ‘একদম নয়’—দীপিকা হেসে বলেন, ‘অবশ্য হূতিক, অভিষেক, রণবীর, ইমরান, নীলদের দেখে ঈর্ষান্বিত হই। ওরা যে কাউকে অনায়াসে আঙ্কেল, আন্টি ডাকতে পারে। আমি সবাইকে সম্বোধন করি স্যার বা ম্যাডাম। ওদের তো কত ইতিহাস! একসঙ্গে হলেই শুরু হয়ে যায়, ওই জমানায় ওমুক করতাম, সেই জমানায় তমুক করতাম/তোর বাড়িতে দিওয়ালিতে পটকা ফোটাতাম; আরও কত কী! আমার তেমন কোনো গল্প নেই। আমি কাজের মধ্যে মজা খুঁজে নিই। কাজ শেষ হলেই দে ছুট। সহশিল্পীদের সঙ্গে কাজের বাইরে যোগাযোগ রাখতে পারি না একদম!’ ইন্ডাস্ট্রিতে দীপিকার কি তবে কোনো বন্ধু নেই? ‘থাকবে না কেন? রণবীর? রণবীরই আমার সবচেয়ে ভালো বন্ধু।’ রণবীরের সঙ্গে দীপিকার বিচ্ছেদের কথা কারোরই অজানা নয়। রণবীরের দেওয়া মুঠোফোন সেটটাও নাকি সম্প্রতি ফেরত পাঠিয়েছেন দীপিকা। ভবিষ্যতে তাহলে রণবীর-দীপিকা জুটিকে পর্দায় দেখার কোনো সম্ভাবনা নেই? ‘কেন থাকবে না? আমরা কি বাচ্চা? অপেক্ষা করুন। খুব শিগগিরই বড় ধরনের চমক দেব সবাইকে।’ আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট