দীপিকার জন্য শাহরুখের ‘বাড়তি শ্রম’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি দ্রুততম সময়ে শেষ করতে রাতদিন শুটিং করে চলেছেন শাহরুখ খান। অবশ্য এই বাড়তি খাটুনি তিনি নিজের জন্য খাটছেন না, সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্যই তাঁর এই উঠেপড়ে লাগা। কারণ, দীপিকাকে এ ছবি শেষ করে দিন পনেরো পর ‘রামলীলা’ ছবির শুটিং শুরু করতে হবে।চলতি মাসের মাঝামাঝিতে ‘রামলীলা’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা আগেই শিডিউল দিয়ে রেখেছেন। কিন্তু রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় দীপিকাকে শিডিউল পরিবর্তনের অনুরোধ জানানো হয়। কিন্তু কোনোভাবেই ‘রামলীলা’ ছবির জন্য দেওয়া শিডিউল পেছানো সম্ভব হয়নি দীপিকার পক্ষে। দ্রুত কাজ শেষ করার জন্য দীপিকাকে এখন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিংয়ে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। এ অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন সহ-অভিনেতা শাহরুখ খান। কষ্ট হলেও ছবির শুটিংয়ে বাড়তি সময় দিচ্ছেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানায়, মহারাষ্ট্রের ওয়াই শহরে রাতদিন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিং করতে গিয়ে শাহরুখ দম ফেলারও ফুরসত পাচ্ছেন না। শুটিংয়ের প্রচণ্ড ব্যস্ততার কারণে সম্প্রতি কাছের বন্ধু অর্জুন রামপালের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে থাইল্যান্ড যেতে পারেননি তিনি।